রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মাছ উৎপাদনের পাশাপাশি রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ খাতের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি।

আজ মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ খাতে রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি বলেন, একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন এ খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছে না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দূষণ রোধ ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণের আহ্বান

মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ায় মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।

শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করার পাশাপাশি নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পানির প্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।

সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন