মাদক, ছিনতাই ও অবৈধ দখলদারত্ব বন্ধে নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
জাতীয় স্টেডিয়ামসহ দেশের ক্রীড়া স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর অংশ হিসেবে নিরাপত্তাকর্মীদের মধ্যে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে জবাবদিহি, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে আয়োজিত এক সচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি।
মাদক-ছিনতাই ও অবৈধ দখল বন্ধের নির্দেশ
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। সেখানে মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, নিরাপত্তাকর্মীদের আগে আলাদা কোনো পরিচিতি ও নির্ধারিত পোশাক ছিল না। নতুন পোশাক ও সরঞ্জাম দেওয়ার মাধ্যমে তাঁদের পেশাগত পরিচিতি এবং দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়ম গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী। দায়িত্বে গাফিলতি বা কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
ভালো কাজের স্বীকৃতির আশ্বাস
নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার আশ্বাস দিয়ে আমিনুল হক বলেন, যারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাঁদের মূল্যায়ন করা হবে। পাশাপাশি স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
স্টেডিয়ামের পরিবেশ উন্নয়নে পরিকল্পনা
জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে।
পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে।
নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রতিমন্ত্রী।

