মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

ঝুঁকিপূর্ণ পয়েন্টে বাড়তি সদস্য মোতায়েন, নজরদারিতে সিসিটিভি, থারমাল ড্রোন ও নাইট ভিশন প্রযুক্তি

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট। নজরদারির কাজে সম্পৃক্ত করা হচ্ছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসা-যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে। আগামী ডিসেম্বরে এ ধরনের তৎপরতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি।

প্রযুক্তি ও বাড়তি সদস্য দিয়ে নজরদারি

সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, থারমাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ও সার্চলাইট।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সতর্কতা, টহল ও প্রযুক্তির ব্যবহার অনেকাংশে বাড়ানো হয়েছে। বিশেষ নজরদারিতে থাকা ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, সরকারি আদেশ ও প্রচলিত নিয়ম অনুযায়ী অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।

সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও নজরদারির কাজে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বিজিবির সঙ্গে কাজ করছেন।

অনুপ্রবেশে সহায়তাকারী চক্র শনাক্তের পরামর্শ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এসব চক্রকে শনাক্ত করে নজরদারির আওতায় আনার পরামর্শ দিয়েছেন সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক।

তিনি বলেন, সীমান্তে প্রচলিত নিয়মনীতি লঙ্ঘন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিছু চক্র জড়িত। এসব চক্রের সঙ্গে স্থানীয় পর্যায়ের কিছু ব্যক্তিরও সম্পৃক্ততা রয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে এসব চক্রের সহায়তায় অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য চক্রগুলোকে শনাক্ত করে নজরদারির আওতায় আনতে হবে বলে মনে করেন তিনি।

এ ছাড়া সীমান্তে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যেন অনুপ্রবেশে সহায়তা করতে না পারেন, সে বিষয়েও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন