বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইটভাটা ভাঙলেই বায়ুদূষণ কমবে না, বিকল্প ব্লক ব্যবহারের পরামর্শ রিজওয়ানা হাসানের

নির্মাণকাজে ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি ক্রয়নীতির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ইটভাটায় অভিযান চালানো বা ভেঙে দেওয়াই বায়ুদূষণ নিয়ন্ত্রণের একমাত্র সমাধান নয়।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে ‘পাবলিক অ্যাকশন ফর ক্লিনার এয়ার: লঞ্চিং দ্য ব্রিক কিলন ট্র্যাকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, সরকারি নির্মাণকাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের নীতি রয়েছে। ইটের সবচেয়ে বড় ক্রেতা স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয় সরকারি নির্মাণকাজে ইট কেনা বন্ধ করে নীতি অনুযায়ী ব্লক ব্যবহার করলে ইটের চাহিদা কমবে। এতে ইটভাটার বিরুদ্ধে বারবার অভিযান চালানোর প্রয়োজনও কমে আসবে।

অভিযানে বাধা ও ইটভাটা ভাঙার অভিজ্ঞতা

ইটভাটা বন্ধে অভিযান পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অভিযান চালাতে গিয়ে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে। কোথাও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের আটকে রাখা হয়েছে, আবার কোথাও তাঁদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা নিতে হয়েছে। রাজনৈতিক প্রভাব ও স্থানীয় পর্যায়ের বাধার কারণে অনেক ক্ষেত্রে আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৮৩০টি ইটভাটা ভাঙা হয়েছে। কিন্তু একবার ভেঙে দেওয়ার পর আবার নতুন করে ইটভাটা গড়ে উঠলে সমস্যার সমাধান হবে না। তাই ইট পোড়ানোর ওপর নির্ভরতা কমিয়ে নির্মাণসামগ্রী হিসেবে ব্লকের ব্যবহার বাড়াতে হবে।

সাভারের আমিনবাজারের উদাহরণ টেনে রিজওয়ানা হাসান বলেন, ওই এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড বা অতিদূষিত বায়ুস্তর এলাকা ঘোষণা করা হয়েছিল। এর ফলে সেখানে ইটভাটা পরিচালনার ক্ষেত্রে আইনি বাধা তৈরি হয়েছে। তবে কতগুলো ইটভাটা ভাঙা হয়েছে, শুধু সেই হিসাব দিয়ে উদ্যোগের সফলতা বিচার করা যাবে না। বরং এর মাধ্যমে দেশের নীতিতে কী পরিবর্তন এসেছে, সেটিই গুরুত্বপূর্ণ।

দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারির গুরুত্ব

দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ট্র্যাকার ব্যবহারের মাধ্যমে কোন এলাকায় কতটি দূষণকারী প্রতিষ্ঠান রয়েছে এবং কোথায় আইন লঙ্ঘন হচ্ছে, তা সহজেই শনাক্ত করা সম্ভব। এতে সরকার বৈষম্যহীনভাবে আইন প্রয়োগ করতে পারবে। পাশাপাশি সাধারণ মানুষ ও গণমাধ্যমও দূষণের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের (আইএইচই) সহযোগী অধ্যাপক ড. সুজানা করিম বলেন, একটি টুল সব সমস্যার সমাধান করতে পারবে না। তবে এটি দূষণের ঝুঁকি ও মানবস্বাস্থ্যের ওপর এর প্রভাব চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে সহায়তা করবে। সীমিত সম্পদ ও জনবলের মধ্যে কোথায় আগে নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে এটি তথ্যভিত্তিক দিকনির্দেশনা দিতে পারে।

তিনি বলেন, শুধু ক্ষতিকর কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেই হবে না; সংশ্লিষ্টদের প্রণোদনা দেওয়া, বিকল্প ব্যবস্থা তৈরি এবং নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, নীতিনির্ধারক, নাগরিক সমাজ ও গবেষকদের সমন্বিতভাবে কাজ করা জরুরি।

ইটভাটার অবস্থান ও স্বাস্থ্যঝুঁকি জানাবে ট্র্যাকার

ইটভাটার অবস্থান, ধরন ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতির মাত্রা তুলে ধরতে ‘ইটেরভাটা ডট কম’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন(ARCED Foundation) ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর যৌথভাবে ব্রিক কিলন ট্র্যাকারটি তৈরি করেছে।

মেশিন লার্নিং এবং ‘অরবিট’ নামের বায়ুর মান মডেল ব্যবহার করে ইটভাটার ধরন, বায়ুপ্রবাহ, অতি সূক্ষ্ম বস্তুকণা (পিএম ২.৫) ও জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করে ভাটাগুলোর বার্ষিক সম্ভাব্য স্বাস্থ্যক্ষতি নিরূপণ করা হয়েছে।

ক্ষতির মাত্রা অনুযায়ী ভাটাগুলো কম থেকে বেশি ক্রমানুসারে সাজানো হয়েছে। ফলে কোন ভাটার দূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা শনাক্ত করা যাবে। প্রাথমিক পর্যায়ে দেশের ৪৪টি জেলার ১৬৮টি উপজেলা এই ট্র্যাকারের আওতায় এসেছে। এর মাধ্যমে গবেষক, সাংবাদিক ও সাধারণ মানুষ ইটভাটা সম্পর্কে তথ্য জানতে পারবেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন