দেড় দশক ধরে উচ্ছেদ অভিযান, আদালতের নির্দেশ ও প্রশাসনিক উদ্যোগ চললেও দখলমুক্ত হয়নি চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদী। নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় দুই তীরে গড়ে উঠেছে অন্তত আড়াই হাজার অবৈধ স্থাপনা। সর্বশেষ গত ৮ নভেম্বর হাইকোর্ট নতুন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় দিয়েছেন।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদীর দুই তীরজুড়ে অবৈধ স্থাপনার বিস্তার থামছে না। নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও নজরদারির অভাবে উচ্ছেদ করা জায়গা পুনরায় দখল হয়ে যাওয়ায় নদীটি এখনো পুরোপুরি দখলমুক্ত হয়নি।
সরকারি বিভিন্ন জরিপে দুই থেকে আড়াই হাজার অবৈধ স্থাপনার তথ্য উঠে এলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে সংশ্লিষ্টদের ধারণা। পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের সংগঠনগুলোর হিসাবে, বর্তমানে নদীর উত্তর তীরে প্রায় দুই হাজার এবং দক্ষিণ তীরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পূর্ণাঙ্গ সরকারি জরিপ না হওয়ায় প্রকৃত সংখ্যা নিয়ে নির্ভরযোগ্য হিসাব নেই।
আদালতের নির্দেশ, বাস্তবায়নে দীর্ঘসূত্রতা
কর্ণফুলী নদীর নাব্যতা, স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে রিট আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের তালিকা তৈরি এবং পূর্ণাঙ্গ জরিপ প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাস সময় দেন। একই সঙ্গে জরিপের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে প্রায় তিন বছরেও আদালতের সেই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় নতুন করে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হয়।
এইচআরপিবির আবেদনের শুনানি শেষে গত ৮ নভেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দুই সপ্তাহ সময় দেন।
শুনানিতে এইচআরপিবির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, ২০২৩ সালের নির্দেশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরিপ প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে নদীর দখল ও দূষণ অব্যাহত রয়েছে এবং চট্টগ্রামের বাসিন্দারা এর বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন।
মামলায় পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ মোট ১৯ জনকে বিবাদী করা হয়েছে।
দেড় দশকের উদ্যোগেও থামেনি দখল
কর্ণফুলীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নতুন নয়। প্রায় দেড় দশক ধরে আদালত, প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলো এ নিয়ে কাজ করছে। ২০১০ সালে কর্ণফুলী রক্ষায় এইচআরপিবি হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন অবৈধ স্থাপনা চিহ্নিত করে তালিকা তৈরির কাজ শুরু করে।
২০১৫ সালে জেলা প্রশাসন আদালতে ২ হাজার ১২২টি অবৈধ স্থাপনার তালিকা জমা দেয়। তবে প্রশাসনের অন্য একটি তালিকায় ২ হাজার ১৮৭টি স্থাপনার উল্লেখ ছিল। ২০১৬ সালে হাইকোর্ট এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নদীর সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত অংশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
দুই সংস্থার অভিযানে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এরপর অভিযান বন্ধ হয়ে যায়। ফলে অবশিষ্ট স্থাপনা অপসারণ এবং উচ্ছেদ করা জায়গা পুনরায় দখলমুক্ত রাখার উদ্যোগ যথাযথভাবে এগোয়নি বলে অভিযোগ রয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশনের এক জরিপে কর্ণফুলীর দুই তীরে ২ হাজার ৪৯২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। এসব স্থাপনার মধ্যে টিনশেড ঘর, পাকা ও আধাপাকা ভবন, ডকইয়ার্ড, করাতকল, জেটি, শিল্পকারখানা, ইটভাটা, কয়লার ডিপো ও পোলট্রি খামার রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, উত্তর তীরে প্রায় দুই হাজার এবং দক্ষিণ তীরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। সব মিলিয়ে স্থাপনার সংখ্যা প্রায় আড়াই হাজার।
সমন্বিত উদ্যোগের তাগিদ
কর্ণফুলীর প্রাণবৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলনরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য মুহাম্মদ মোজাম্মেল হক বাসসকে বলেন, ‘নদীর দুই পাশে ক্ষমতাধর ব্যক্তি ও কিছু দুষ্টচক্র অবৈধভাবে জায়গা দখল করে রেখেছে। বিগত সরকারের আমলে জেলা প্রশাসনের গাফিলতি ও সদিচ্ছার অভাবে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। নদী বাঁচাতে এখন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিকদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’
পরিবেশ আন্দোলন সংগঠন পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘দেশ ও চট্টগ্রামের স্বার্থে কর্ণফুলীর দখল-দূষণ বন্ধে প্রশাসনকে এখনই পদক্ষেপ নিতে হবে। চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে নদীর প্রশস্ততা ও নাব্যতা বাড়াতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।’
পরিবেশবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকাভুক্ত দেশের ৫৭ হাজার ৩৯০ জন নদী দখলদারের মধ্যে মাত্র ৩২ শতাংশকে উচ্ছেদ করা সম্ভব হয়েছে। কর্ণফুলীকে সম্পূর্ণ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে লোকদেখানো ও অকার্যকর উচ্ছেদ অভিযান বন্ধ করে কাঙ্ক্ষিত ফল না আসা পর্যন্ত কঠোর ও আইনসম্মত পদক্ষেপ অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরায় অভিযান জোরদার করতে হবে।
আড়াই হাজার স্থাপনা চিহ্নিতের দাবি জেলা প্রশাসনের
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বাসসকে বলেন, ‘কর্ণফুলী চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশনা অনুযায়ীই আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার দুই তীরে আরএস ও বিএস জরিপ অনুসরণ করে সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে নগরীর ভেতরে নদীর দুই তীরে প্রায় আড়াই হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত হয়েছে।’
তিনি জানান, নগরীর লালদিয়ার চর, শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই ও সদরঘাট এলাকায় অবৈধ স্থাপনার সংখ্যা সবচেয়ে বেশি।
জেলা প্রশাসক আরও বলেন, হাইকোর্টের গত ৮ নভেম্বরের আদেশের পরিপ্রেক্ষিতে দখলদারদের তালিকা নতুনভাবে যাচাই-বাছাই করে আদালতে পাঠানোর জন্য সময় চাওয়া হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থায়ী সমাধানে প্রয়োজন পূর্ণাঙ্গ জরিপ
নদী বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের মতে, কর্ণফুলীকে স্থায়ীভাবে দখলমুক্ত করতে শুধু উচ্ছেদ অভিযান চালালেই হবে না। প্রথমে সিএস, আরএস ও অন্যান্য প্রাসঙ্গিক ভূমি রেকর্ড যাচাই করে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করতে হবে।
এরপর ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে নদীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—সব তীরের অবৈধ স্থাপনা চিহ্নিত করতে হবে। স্থাপনার ধরন, আয়তন, দখলদার ও মালিকানাসংক্রান্ত তথ্যসহ একটি সমন্বিত তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন তাঁরা।
তাঁদের মতে, নিয়মিত নজরদারি, সমন্বিত উচ্ছেদ কার্যক্রম এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা না গেলে কর্ণফুলীকে দখলমুক্ত রাখা কঠিন হবে।

