সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

তিন দিন পর সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার সকালে কক্সবাজার থেকে পাঁচটি জাহাজে করে ১ হাজার ৮৭০ জন পর্যটক দ্বীপটির উদ্দেশে রওনা হয়েছেন। একই সঙ্গে দ্বীপে আটকে থাকা আট শতাধিক পর্যটককে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পর্যায়ক্রমে জাহাজগুলো কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ৩টার দিকে সেন্ট মার্টিনে আটকে থাকা পর্যটকদের নিয়ে জাহাজগুলো কক্সবাজারের উদ্দেশে ফিরবে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপটিতে আটকা পড়েন। পরে তাদের মধ্যে অন্তত ৬৮০ জন ১৬টি কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে আসেন। তবে আট শতাধিক পর্যটক দ্বীপে থেকে যান।

জাহাজ চলাচল শুরুর অনুমতি

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে পাঁচটি জাহাজে করে ১ হাজার ৮৭০ জন পর্যটক সেন্ট মার্টিনে গেছেন।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি

এদিকে জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

তিনি বলেন, তিন দিন ধরে পর্যটকেরা ফেরার জন্য আকুতি জানাচ্ছিলেন। জাহাজ চলাচল শুরু হওয়ায় এখন তারা স্বস্তি প্রকাশ করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন