বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ফিরোজ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ট্রাকের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকার আব্দুল রশিদের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন একই উপজেলার রাজবাড়ী এলাকার মকবুলের ছেলে রাসেল (৩৫) এবং গাইবান্ধা সদর উপজেলার টেংগরজানি এলাকার সাইদার রহমানের ছেলে আব্দুল করিম (৩৬)।
যেভাবে দুর্ঘটনা
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ব্যাটারির পানি বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে রহিমাবাদ বি-ব্লক ওভারব্রিজের ওপর ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বগুড়াগামী একটি খালি ট্রাকের পেছনে ধাক্কা দেন।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ওসি আরও জানান, সংঘর্ষে ট্রাকচালক ফিরোজ নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

