সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর পদক্ষেপ চান ড. ইউনূস

ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গ্রামীণ ব্যাংককে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি ও আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।

পরিকল্পিত ও ধারাবাহিক হামলার অভিযোগ

গ্রামীণ ব্যাংকের ওপর হামলাকে পরিকল্পিত ও ধারাবাহিক উল্লেখ করে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি বিশ্বব্যাপী স্বীকৃত ব্যাংক। ২০ বছর আগে নোবেল কমিটি প্রতিষ্ঠানটিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল ও পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। গ্রামীণ ব্যাংক নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সামর্থ্য জোগায়।

বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের মালিক। তাই ব্যাংকটির ওপর হামলা মানে তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

ড. ইউনূসের অভিযোগ, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে।

হামলার ধরন দেখে অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ ওপরের মহল থেকে দেওয়া হচ্ছে বলে মনে হয় মন্তব্য করে তিনি বলেন, বিশ্ববাসী হতবাক হয়ে দেখছে, কীভাবে কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাঁদের দরিদ্র প্রতিবেশীদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে। এসব প্রতিবেশী হলেন সেই নারীরা, যাঁরা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান।

আতঙ্কে নারী ঋণগ্রহীতারা

বেশ কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন ইউনূস। তাঁর ভাষ্য, এসব হামলা লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং জীবনের নানা প্রয়োজন মেটানোর অপরিহার্য অবলম্বন।

তিনি বলেন, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই হামলার ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

ব্যাংকের মালিকানা নিয়ে অপপ্রচারের অভিযোগ

হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, তারা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার।

২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে উল্লেখ করে ইউনূস বলেন, এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

নিরাপত্তা জোরদার ও বিচারের আহ্বান

গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে বলে জানান ইউনূস। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা যাতে কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা যায়, সে লক্ষ্যেই এ আবেদন করা হয়েছে।

তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতিও এসব হামলার সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখার আহ্বান জানান প্রফেসর ইউনূস।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন