মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা আজ, কত প্রস্তাব দেবে মালিকপক্ষ?

শ্রমিকদের দাবি ৩২ হাজার টাকা, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজারের আশপাশে হতে পারে

তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষ ও সহিংসতার মধ্যে আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মজুরি বোর্ডের তৃতীয় সভা। এ সভায় মালিকপক্ষের পক্ষ থেকে ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হতে পারে। মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব দেবে, তা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কৌতূহল রয়েছে।

কারণ, শ্রমিকপক্ষ ইতোমধ্যে বিদ্যমান ১২ হাজার ৫০০ টাকা মজুরি আড়াই গুণের বেশি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে।

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার টাকার আশপাশে?

মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব দিতে পারে, সে বিষয়ে দায়িত্বশীল কেউ প্রকাশ্যে কিছু বলছেন না। তবে এক সপ্তাহ আগে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গিয়েছিল, তারা ১৫ হাজার টাকার আশপাশে মজুরির প্রস্তাব দিতে পারেন। এরপর এ অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না, তা জানা যায়নি।

তবে চলতি বছর ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি এ সমস্যার স্থায়ী সমাধানে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে নিয়মিত মজুরি সমন্বয়ের প্রস্তাবও দেবে মালিকপক্ষ। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা এ তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহেই প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য

মজুরি বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পোশাক খাতে টানা প্রায় তিন সপ্তাহ ধরে শ্রম অসন্তোষ চলায় মজুরি ইস্যুটির দ্রুত সমাধান করতে চায় বোর্ড। চলতি সপ্তাহের মধ্যেই শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার মাধ্যমে মজুরির প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পোশাক কারখানার মালিকরাও দ্রুত মজুরি ঘোষণার পক্ষে রয়েছেন।

রোববার এক ওয়েবিনারে মজুরি বোর্ডের স্থায়ী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করি, চলতি মাসের মধ্যে আলোচনার মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য একটি ফলপ্রসূ মজুরি নির্ধারণ করতে পারব।’

শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ

এদিকে রোববার (২২ নভেম্বর) আগের দিনগুলোর তুলনায় শ্রম অসন্তোষ কিছুটা কমলেও শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছেন শিল্পমালিকরা।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক নেতা জানান, শ্রম অসন্তোষের কারণে রোববারও ১০৪টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। এর মধ্যে ৬২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৪২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

গাজীপুরের একটি পোশাক কারখানার জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শ্রম অসন্তোষের কারণে আগের দিনগুলোতে তাদের কারখানা বন্ধ থাকলেও রোববার চালু ছিল।

তিনি আরও বলেন, ‘তবে মজুরি বোর্ডের সভার পর পরিস্থিতি কী দাঁড়ায়, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন