মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ভবনেও পানি-বিদ্যুৎ সংকট, সমাধানের প্রতিশ্রুতি টিনুবুর

পুনর্নির্বাচনের আগে সংকট কাটানোর আশ্বাস দিলেন প্রেসিডেন্ট

নাইজেরিয়ায় দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির সংকট থেকে প্রেসিডেন্টের সরকারি বাসভবনও রেহাই পাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। আগামী ১৬ জানুয়ারি ২০২৭ সালের নির্বাচন সামনে রেখে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোববার লাগোসে পরিবারের সদস্যদের আয়োজিত এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে টিনুবু জানান, গত সপ্তাহে রাজধানী আবুজার আসো রক প্রেসিডেন্ট ভবনে শেভ করার সময় পানির সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, ‘গত সপ্তাহের বুধবার আমি শেভ করছিলাম, এমন সময় পানি চলে যায়। প্রেসিডেন্ট ভবনেও যে দুর্ভোগ আছে, তা আপনারা জানেন না। পানির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এসব সমস্যার সমাধান করব। বিদ্যুৎ নেই, পানি নেই, উন্নয়নও নেই। আমরা কেবল শুরু করেছি। নাইজেরিয়ার জন্য আমরা পারব এবং করব।’

প্রেসিডেন্ট ভবনেও বিদ্যুৎ সংকটের প্রভাব

আসো রক নাইজেরিয়ার প্রেসিডেন্টের সরকারি কার্যালয় ও বাসভবন। এটি রাজধানী আবুজায় আসো রকের পাদদেশে অবস্থিত।

বিদ্যুতের বাড়তি ব্যয় ও অনিয়মিত সরবরাহ মোকাবিলায় গত বছর আসো রকে সৌরবিদ্যুৎচালিত মিনি-গ্রিড স্থাপনের জন্য বাজেটে ১০ বিলিয়ন নাইরা বা ৫৫ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটির কাজ শেষ হয়েছে এবং বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রেসিডেন্ট ভবনকে জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে।

গ্যাস ও জলবিদ্যুৎ উৎপাদন কমায় সংকট

নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ঘাটতি রয়েছে। সাম্প্রতিক সময়ে সরবরাহে বড় ধরনের বিঘ্নের প্রধান কারণ হিসেবে গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ ও জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। সাধারণত জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

লাগোস ও আবুজাসহ বিভিন্ন শহরে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিতরণ কোম্পানিগুলো পর্যায়ক্রমে সরবরাহ বন্ধ রাখছে। এতে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, দেশটিতে দীর্ঘস্থায়ী পানির সংকটও রয়েছে। দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে সরকারি পানি সরবরাহ অবকাঠামো জরাজীর্ণ ও অপর্যাপ্ত থাকায় এ সংকট তৈরি হয়েছে। বিশেষ করে লাগোসে লাখো মানুষ নির্ভরযোগ্য পানি সরবরাহ থেকে বঞ্চিত।

পুরোনো প্রতিশ্রুতি নিয়ে নতুন করে বিতর্ক

২০২৩ সালের নির্বাচনী প্রচারণায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন টিনুবু। তবে প্রতিশ্রুতির সুনির্দিষ্ট ভাষা ও তা বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে আগামী ১৬ জানুয়ারি ২০২৭ সালের নির্বাচন সামনে রেখে বিতর্ক তৈরি হয়েছে।

২০২২ সালে, আগের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে টিনুবু বলেছিলেন, ‘যেভাবেই হোক, প্রয়োজনীয় সব উপায়ে আপনারা বিদ্যুৎ পাবেন। আর অনুমাননির্ভর বিদ্যুৎ বিল দিতে হবে না। প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করব।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি রাখতে না পারলে এবং দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ালে আমাকে ভোট দেবেন না—যদি না কেন তা করতে পারিনি, তার যথাযথ কারণ দেখাতে পারি।’

সমর্থকদের দাবি, উন্নয়নের উদ্যোগ চলছে

বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকলেও টিনুবুর সমর্থকেরা বলছেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের উন্নতি এবং সম্প্রতি অনুমোদিত ২ বিলিয়ন ডলারের নতুন ইস্ট-ওয়েস্ট সুপার গ্রিড প্রকল্প তার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রচেষ্টার প্রমাণ। প্রকল্পটির লক্ষ্য বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানো এবং জাতীয় গ্রিডকে আরও শক্তিশালী করা।

২০২৩ সালের নির্বাচনে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আতকু আবুবকর এবং আনামব্রা রাজ্যের সাবেক গভর্নর পিটার ওবিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন টিনুবু। আগামী নির্বাচনেও এই তিনজনকে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন