মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নতুন করে ইরান যুদ্ধের শঙ্কা, নেতানিয়াহুর তাগিদে কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প?

‘যত দ্রুত সম্ভব’ অভিযান শুরুর তাগিদ নেতানিয়াহুর; লেবানন, সিরিয়া ও গাজায় একযোগে সংঘাত ছড়িয়ে পড়ার সতর্কবার্তা ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ ধরনের হামলার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তারা। তাঁদের আশঙ্কা, ইরানে নতুন করে হামলা শুরু হলে সংঘাত শুধু তেহরান ও তেল আবিবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং লেবানন, সিরিয়া ও গাজাসহ পুরো অঞ্চলে একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ‘যত দ্রুত সম্ভব’ নতুন সামরিক অভিযান শুরু করতে ট্রাম্পকে তাগাদা দিচ্ছেন নেতানিয়াহু। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। বরং নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে তিনি অনাগ্রহী বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক অভিযানের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সামরিক গোয়েন্দা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করেছেন, ইসরায়েল এককভাবে ইরানে হামলা চালালে লেবানন, সিরিয়া ও গাজাকে ঘিরে একাধিক যুদ্ধক্ষেত্র তৈরি হতে পারে। এতে ইসরায়েলকে একই সময়ে বিভিন্ন ফ্রন্টে সামরিক সংঘাত মোকাবিলা করতে হতে পারে।

তবে নেতানিয়াহু ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মূল্যায়ন ভিন্ন। তাঁদের ধারণা, ইরানে সামরিক অভিযান চালানো হলেও তা তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব। সামরিক গোয়েন্দাদের আশঙ্কা, বাস্তবে সংঘাতের বিস্তার নিয়ন্ত্রণ করা এতটা সহজ নাও হতে পারে।

নির্বাচনের পর রাজনৈতিক চাপে নেতানিয়াহু

ইসরায়েলের ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। ১২০ আসনের নেসেটে তাঁর জোট ৫৩টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো পক্ষই। বিরোধী শিবিরও সরকার গঠনের জন্য জোট ও সমর্থন নিশ্চিত করার চেষ্টা করছে।

নির্বাচনের পর নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। এই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দেশের মানুষের সমর্থন ধরে রাখা এবং বিকল্প সরকার গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে তিনি ইরানের সম্ভাব্য হুমকিকে অতিরঞ্জিত করছেন।

ইসরায়েলের বিরোধী নেতা আভিগদর লিবারম্যানও ইরানে নতুন করে হামলার বিষয়ে সতর্ক করেছেন। গত সপ্তাহে তিনি আশঙ্কা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা অনুমোদন ছাড়াই এককভাবে ইরানে হামলার কথা বিবেচনা করছেন নেতানিয়াহু। বর্তমান পরিস্থিতিতে এমন পদক্ষেপকে ‘অযৌক্তিক’ ও ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন তিনি।

ইরান নিয়ে ট্রাম্পের বক্তব্যে অস্পষ্টতা

ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্পের বক্তব্যেও ভিন্নতা দেখা গেছে। গত ৯ নভেম্বর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর ভাষায়, সামরিক দিক থেকে যুদ্ধ ‘কার্যত শেষ’।

তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি থাকার কথাও জানিয়েছেন তিনি। ফলে ইরানে নতুন করে হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়।

এর আগে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগসংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর ট্রাম্প তেহরানকে কঠোর হুঁশিয়ারি দেন। ১৭ নভেম্বর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে তখন জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য বা আসন্ন কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই।

যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের মতবিরোধ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ইরান যুদ্ধের প্রভাব নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেও মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটির নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ হিসেবে যুদ্ধকে দায়ী করেন।

তিনি লেখেন, ‘আমাদের হারের কারণ যুদ্ধ।’ নির্বাচনের ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে যুদ্ধের প্রভাবকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে ইরানে নতুন সামরিক অভিযান নিয়ে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক গোয়েন্দা বিভাগ এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের অবস্থানে ভিন্নতা স্পষ্ট হচ্ছে। নেতানিয়াহু দ্রুত পদক্ষেপের পক্ষে থাকলেও ইসরায়েলি সামরিক কর্মকর্তারা সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করছেন। অন্যদিকে, ট্রাম্প এখনই নতুন করে বড় ধরনের হামলার সিদ্ধান্ত নিতে আগ্রহী নন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে ইরানকে ঘিরে নতুন সামরিক উত্তেজনা তৈরি হলেও পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে ওয়াশিংটন ও তেল আবিবের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তের ওপর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন