২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়েছে। ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহও পুনর্ব্যক্ত করেছে কানাডা।
দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও কানাডা। পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন সুযোগ খুঁজে দেখার বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে এ অঙ্গীকার করা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের দ্রুত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষ। ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে যায়।
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ
বৈঠকে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে।
পাঁচ দশকেরও বেশি সময়ের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ। একই সঙ্গে জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক পর্যায়ে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এলডিসি উত্তরণে কানাডার বাজারসুবিধা
বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সফল উত্তরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর জোর দেয় দুই দেশ।
এ সময় কানাডা ২০৩২ সাল পর্যন্ত তাদের প্রাসঙ্গিক অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় বাংলাদেশের পণ্যের জন্য বাজারসুবিধা অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করে।
অর্থনৈতিক সুশাসন জোরদার, বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ ও বেসরকারি খাতের বিকাশের অনুকূল পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি সহায়তা
দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব পর্যালোচনায় কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে দেশটি।
গত অক্টোবরে বাংলাদেশ সফরকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের উন্নয়ন সহায়তা ঘোষণার বিষয়টিও উল্লেখ করে কানাডার পক্ষ।
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলাই এ সহায়তার লক্ষ্য। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উদ্ভাবন।
দক্ষতা উন্নয়নে টিভিইটি, জ্ঞান বিনিময় ও শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর সুযোগও খুঁজে দেখছে দুই দেশ।
রোহিঙ্গা সংকটে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার
বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ ও কানাডা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং বাংলাদেশে আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দুই দেশ বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি স্বীকার করে। একই সঙ্গে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে কানাডার ৭০ কোটি কানাডীয় ডলারের বেশি অবদানের কথা উল্লেখ করা হয়।
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে দুই দেশ।
এ ছাড়া গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানায় উভয় পক্ষ। দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টায় এ রায়ের গুরুত্বও তুলে ধরে তারা।
বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে আস্থা প্রকাশ করে দুই পক্ষ। অর্থনৈতিক, উন্নয়ন, বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে একমত হয় তারা।

