বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। দেশটি মনে করে, এ সুবিধা বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে টেকসই উত্তরণে সহায়ক হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এ আগ্রহের কথা জানায় কানাডা।
বৈঠকে জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে।
সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা
বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সময় কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
এলডিসি উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের পণ্যের জন্য কানাডার সংশ্লিষ্ট অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় ২০৩২ সাল পর্যন্ত বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে দেশটি।
বাংলাদেশকে ৬.৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকার বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। কানাডার পক্ষ থেকে জানানো হয়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে দেশটি।
এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়।
বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে এ সহায়তা ভূমিকা রাখবে বলে জানানো হয়।
শিক্ষা, নিরাপত্তা ও জলবায়ু নিয়েও আলোচনা
দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।
রোহিঙ্গা সংকটে কানাডার সহায়তা
রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় দেশটি ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে বলেও জানানো হয়।
বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানায় দুই পক্ষ। তারা জানায়, রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

