বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।

সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টার পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৩৩৮ শিশু।

এ সময়ে ১ হাজার ২৬০ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২৯ শিশু।

দেশে মোট আক্রান্ত ও মৃত্যুর হিসাব

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৭৪ জনের।

এ সময়ে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন