নিহতদের মধ্যে এক নারী, শিশুসহ আহত অন্তত ৪; মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল দেড় ঘণ্টা
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার ফটক থেকে প্রায় ৬০০ মিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের পরিচয়
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মো. রহমান, একই ইউনিয়নের অফিসপাড়া এলাকার জসীম উদ্দীন (৬০) ও দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার নাজমা (৪৯), বান্দরবানের লামা উপজেলার ফকিরা খোলা এলাকার সাইফুল ইসলাম এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের বামহাতিরছড়া এলাকার মো. ইমরান (২২)।
দুর্ঘটনায় গুরুতর আহত ফারিয়া নাসির মুমু (৩২) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উত্তর খুটাখালী এলাকায়।
যেভাবে দুর্ঘটনা
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
মহাসড়কে যান চলাচল বন্ধ
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাস ও অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

