বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিলেটে নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

১১ মাসের শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল, মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা

সিলেটে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে এক মা ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে একই দিন বিকেল থেকে নিখোঁজ ছিলেন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী।

নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তাঁর ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তাঁরা সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

মেয়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা

জীবনানন্দ বিশ্বাস জানান, তাঁর স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাঁদের ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন মাত্র তিন মাস, তখনই রোগটি ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তাঁর স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন।

জীবনানন্দ বলেন, “মেয়েকে সারা জীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে—এমন চিন্তা থেকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।”

তিনি জানান, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চার-পাঁচ দিন আগেও তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধানের কাছে নিয়ে গিয়েছিলেন। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছেন। বিভিন্ন ওষুধ সেবন করানো হলেও তাঁর অবস্থার তেমন উন্নতি হয়নি।

বিকেলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ

জীবনানন্দ বিশ্বাস আরও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তাঁর স্ত্রী। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

স্ত্রীর সঙ্গে তাঁর কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও জানান তিনি। এ ধরনের কোনো কারণে স্ত্রী বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন কি না, তা-ও তাঁদের জানা নেই।

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকায় সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন