‘শেনঝৌ-২৪’ অভিযানে অংশ নিয়ে মহাকাশে গেলেন ৪০ বছর বয়সী এই নভোচারী
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে প্রবেশের লক্ষ্য নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে যাত্রা শুরু করেন তিনি। জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর মহাকাশযানটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছায়। এর মধ্য দিয়ে পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়।
সফলভাবে কক্ষপথে পৌঁছাল ‘শেনঝৌ-২৪’
চীনের লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) শুরু হয় এই অভিযান। উৎক্ষেপণের আগে জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে মিশনের তিন নভোচারীকে বিদায় জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে মহাকাশযানের ক্যাপসুলে প্রবেশ করেন তাঁরা।
উৎক্ষেপণের কিছুক্ষণ পর জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, মহাকাশযানটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
তিনি বলেন, ‘মহাকাশযানটি ভালোভাবে কাজ করছে। আমি শেনঝৌ-২৪ উৎক্ষেপণ অভিযানকে সম্পূর্ণ সফল ঘোষণা করছি।’
মহাকাশে উড়ল পাকিস্তানের পতাকা
চীনে অবস্থানরত পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল নভোচারীদের বিদায় অনুষ্ঠান ও মহাকাশযান উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ২৫ নভেম্বর সকালে জিশান আলীকে নিয়ে ‘শেনঝৌ-২৪’-এর যাত্রা শুরুর মধ্য দিয়ে পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে নতুন যুগের সূচনা হয়েছে।
তিনি লেখেন, ‘পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীর সঙ্গে মহাকাশে উড়েছে পাকিস্তানের পতাকা। এর মধ্য দিয়ে প্রযুক্তিগত অগ্রগতি ও মহাকাশ অনুসন্ধান নিয়ে ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষাও নতুন উচ্চতায় পৌঁছেছে। মহাসড়ক থেকে তথ্যপ্রযুক্তির মহাসড়ক: পাকিস্তান ও চীনের বন্ধুত্ব আকাশের চেয়েও উঁচুতে উঠে যাচ্ছে।’
আহসান ইকবাল আরও বলেন, ‘মহাকাশের পথে এটি পাকিস্তানের উড্ডয়ন, আর এটি কেবল শুরু। সামনে আরও উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নাগরিক
‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটির গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন। সেখানে সফলভাবে যুক্ত হওয়ার পর জিশান আলী হবেন এই স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নাগরিক।
চীনের তাং হংবো মিশনটির নেতৃত্ব দিচ্ছেন। উ ইয়ি দায়িত্ব পালন করছেন মিশন পাইলট হিসেবে। আর জিশান আলী থাকছেন পেলোড স্পেশালিস্ট হিসেবে।
মহাকাশে প্রায় এক সপ্তাহ অবস্থান করার কথা রয়েছে জিশানের। এ সময় চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে, পুরো অভিযানে প্রায় ৯০টি পরীক্ষা পরিচালনা করবেন নভোচারীরা।
এই মিশনের অন্যতম উদ্দেশ্য হলো আগের ‘শেনঝৌ-২৩’ অভিযানের নভোচারীদের সঙ্গে কক্ষপথে দায়িত্ব হস্তান্তর ও সমন্বয় সম্পন্ন করা। পাশাপাশি মহাকাশ স্টেশনের নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং মহাকাশবিজ্ঞান নিয়ে গবেষণা অব্যাহত রাখা। এসব গবেষণার অংশ হিসেবে বিভিন্ন বৈজ্ঞানিক পেলোড নিয়েও পরীক্ষা চালানো হবে।
‘২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষা সঙ্গে নিয়ে যাচ্ছি’
জিশান আলীর মহাকাশযাত্রার প্রস্তুতি শুরু হয় কয়েক মাস আগে। চলতি বছরের এপ্রিলে চীনে নভোচারী প্রশিক্ষণের জন্য পাকিস্তান থেকে নির্বাচিত হন জিশান আলী ও খুররম দাউদ। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চায়না ম্যানড স্পেস এজেন্সির মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী, পাকিস্তানের দুজন নাগরিককে চীনে নভোচারী হিসেবে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। তাঁদের মধ্য থেকে একজনকে বেইজিং পরিচালিত তিয়াংগং মহাকাশ স্টেশনের একটি অভিযানে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়। পরবর্তী সময়ে সেই অভিযানের জন্য নির্বাচিত হন জিশান আলী।
মঙ্গলবার চীনের জিয়াইগুয়ানে এক সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে সহযোগিতার জন্য চীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান জিশান।
তিনি বলেন, ‘মহাকাশে যাওয়ার আমাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করার জন্য আমি চীন সরকারের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’
জিশান জানান, কয়েক মাস আগে তিনি চীনের অ্যাস্ট্রোনট সেন্টারে পৌঁছান। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ২৫ কোটি পাকিস্তানির আশা ও প্রত্যাশা। তাঁর মতে, মহাকাশে এই যাত্রার চেয়েও গুরুত্বপূর্ণ হবে অভিযান শেষে এর ধারাবাহিকতায় কী অর্জন করা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, ‘এই অভিযান কোনো সমাপ্তির রেখা নয়, বরং নতুন যাত্রার সূচনামঞ্চ। আমি আশা করি, চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার পরবর্তী অধ্যায় একজন নভোচারী ও একটি মহাকাশযাত্রার গণ্ডি পেরিয়ে একাধিক যৌথ অভিযান পর্যন্ত বিস্তৃত হবে। চাঁদ, মঙ্গলগ্রহ এবং এর বাইরেও পৌঁছাবে এই সহযোগিতা।’
পাকিস্তানের জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি কথাও স্মরণ করেন জিশান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছিলেন, তাঁরা পাকিস্তানের ইতিহাসে নতুন একটি অধ্যায় লিখতে যাচ্ছেন। এখন তিনি বুঝতে পারছেন, সেই কথার তাৎপর্য কতটা গভীর।
জিশান বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করতে চাই, নিজের জন্য মহাকাশে যাচ্ছি না। আমার কাঁধে রয়েছে পাকিস্তানের নাম, সঙ্গে রয়েছে ২৫ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা।’
মহাকাশ থেকে তাঁকে যারা দেখবেন, বিশেষ করে শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘মহাকাশে থাকাকালে তোমরা যখন আমার দিকে তাকাবে, তখন শুধু আকাশের দিকে তাকিয়ে মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’
নিজের পরিবারের উদ্দেশেও আবেগঘন বার্তা দিয়েছেন এই নভোচারী। তিনি বলেন, জীবনে এবারই সবচেয়ে বেশি দূরে বাড়ি ছেড়ে যাচ্ছেন। তবে মহাকাশ থেকে প্রথমবার পৃথিবীর দিকে তাকানোর মুহূর্তে অন্য কিছুর আগে নিজের বাড়ির আলোর খোঁজ করবেন।
তিয়াংগংয়ে দীর্ঘ সময় থাকবেন চীনা নভোচারী
চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তিয়াংগং মহাকাশ স্টেশনের নামের অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ’। ২০২২ সালের শেষ দিক থেকে পুরোপুরি কার্যক্রম শুরু করা এই স্টেশনে নভোচারীদের অবস্থান ও গবেষণার ব্যবস্থা রয়েছে।
সাধারণত একটি তিন সদস্যের নতুন নভোচারী দল স্টেশনে পৌঁছানোর পর আগের দলের সঙ্গে কিছু সময় অবস্থান করে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় সর্বোচ্চ ছয়জন নভোচারী থাকতে পারেন সেখানে।
তবে এবার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় থাকছে কিছুটা ভিন্নতা। ‘শেনঝৌ-২৩’ মিশনের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়াংগং মহাকাশ স্টেশনে থেকে যাবেন। মহাকাশে দীর্ঘ সময় অবস্থানের ফলে মানবদেহে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে চীনের গবেষণায় সহায়তা করবেন তিনি।
চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে অভিযানের প্রস্তুতির ক্ষেত্রে এ গবেষণাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মহাকাশে দীর্ঘ সময় মানুষের শারীরিক সক্ষমতা ও অভিযোজনের বিষয়গুলো বুঝতে এ গবেষণা সহায়ক হবে।
এক বছর মহাকাশে অবস্থান করার পরিকল্পনা রয়েছে ঝু ইয়াংঝুর। এই সময়সীমা পূর্ণ হলে কক্ষপথে একটানা সবচেয়ে বেশি সময় অবস্থানকারী চীনা নভোচারীর রেকর্ড গড়বেন তিনি। অন্যদিকে, ‘শেনঝৌ-২৩’ মিশনের বাকি নভোচারীরা জিশান আলীর সঙ্গে তিয়াংগং মহাকাশ স্টেশন ত্যাগ করবেন।

