বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান ৫২ বছর বয়সী শামসুন্নাহার বেগম

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে শামসুন্নাহার বেগম (৫২) মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে মারা যান শামসুন্নাহারের মেয়ে সানজিদা ইসলাম (২০), ইফতি সাবা (২৫) এবং এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। এ ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক (৩২) ছয় শতাংশ দগ্ধ হয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক, তাঁর স্ত্রী ইফতি সাবা, এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ এবং পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম ও তাঁর মা শামসুন্নাহার বেগম।

মানিক জানান, তাঁরা ওই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন। ঘটনার দিন সকালে তাঁর স্ত্রী ছেলেকে সঙ্গে নিয়ে রান্না করছিলেন। চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এরপর একে একে দগ্ধ অবস্থায় সবাই ঘর থেকে বের হন।

তিনি আরও জানান, বাসায় সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করা হতো। তবে সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলা চালু রেখেছিলেন অথবা কোথাও লিকেজ ছিল। সেখান থেকে সারা রাত গ্যাস বের হয়ে ঘরে জমে থাকতে পারে। সকালে চুলায় আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটসহ পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরাই দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, বিস্ফোরণের শব্দ ছিল বিকট। এতে দরজা-জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন