২০০ শয্যার প্রতিটি হাসপাতালে থাকছে আইসিইউসহ উন্নত চিকিৎসাসুবিধা; তৈরি হয়েছে ১ হাজার ৪৪০টি পদ
চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের পদ রয়েছে ১০টি।
এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেসিয়া বিভাগের ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁদের পদায়ন করা হয়।
পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালের ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালের ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালের ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালের ডা. শওকত আলী। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই অবকাঠামো তৈরি করা হয়েছে।
হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হয়েছে।
চলতি বছরের ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপরই হাসপাতালগুলো চালুর প্রক্রিয়া জোরদার হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।

