বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লেজার লাইট কিনে দেওয়ার প্রলোভনে মাদ্রাসা ছাত্রকে অপহরণ, ইমাম গ্রেপ্তার

১৫ দিন মসজিদের কক্ষে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি, ৪৫ হাজার টাকা নিয়েও মারধরের অভিযোগ

ওয়াজ মাহফিল থেকে লেজার লাইট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। শিশুটিকে একটি মসজিদের কক্ষে ১৫ দিন আটকে রেখে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। পরে দর-কষাকষির মাধ্যমে ৪৫ হাজার টাকা পেলেও শিশুটিকে মুক্তি না দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। নিখোঁজের ১৫ দিন পর জামালপুর রেলওয়ে স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবার। এ ঘটনায় অভিযুক্ত ইমাম আবু রায়হানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে।

গ্রেপ্তার আবু রায়হান জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ি এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।

ওয়াজ মাহফিল থেকে নিখোঁজ শিশু

মেলান্দহ থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় জামিয়া হুসাইনিয়া মাদরাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে যায় সুয়াইব হোসেন। সে মেলান্দহ মডেল মাদরাসার হেফজ বিভাগের নাজেরা শাখার শিক্ষার্থী।

মাহফিল শেষে অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও সুয়াইব আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা নুরনবী ইসলাম।

এজাহারে বলা হয়, মাহফিল চলাকালে লেজার লাইট কিনে দেওয়ার কথা বলে সুয়াইবকে বাইরে নিয়ে যান আবু রায়হান। পরে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ি এলাকার একটি মসজিদে নিজের থাকার কক্ষে তাকে আটকে রাখেন তিনি।

মুক্তিপণ নিয়ে দর-কষাকষি, পাঠানো হয় ৪৫ হাজার টাকা

একপর্যায়ে শিশুটিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আবু রায়হান। পরে দর-কষাকষির মাধ্যমে ৪৫ হাজার টাকায় বিষয়টি চূড়ান্ত হয়।

গত ১৯ নভেম্বর অভিযুক্তের দেওয়া দুটি বিকাশ নম্বরে দুই দফায় ২৫ হাজার ও ২০ হাজার টাকা পাঠান শিশুটির বাবা। তবে টাকা পাওয়ার পরও সুয়াইবকে মুক্তি দেওয়া হয়নি। বরং তাকে মারধর করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে তার কান, চোখ ও হাতে আঘাত লাগে।

রেলস্টেশনে রেখে বাবাকে ফোন

পরে ২১ নভেম্বর ভোরে জামালপুর রেলওয়ে স্টেশনে শিশুটিকে রেখে তার বাবাকে ফোনে বিষয়টি জানান আবু রায়হান। খবর পেয়ে নুরনবী স্টেশন থেকে ছেলেকে বাড়িতে নিয়ে যান।

এরপর ২৩ নভেম্বর বিকেলে শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সরিষাবাড়ীর ওই মসজিদে গিয়ে আবু রায়হানকে আটক করেন। পরে তাকে মেলান্দহ মডেল মাদরাসায় নেওয়া হলে পুলিশ গিয়ে হেফাজতে নেয়।

অপহরণ মামলা, আদালতের মাধ্যমে কারাগারে

এ ঘটনায় শিশুটির বাবা নুরনবী ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় অপহরণের মামলা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু রায়হান ঘটনার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন