মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ, বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ
মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর গাজীপুরের দুটি মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা। তাঁদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ কয়েকটি কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
মহাসড়কে অবস্থান, যান চলাচল বন্ধ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড়, ভাওয়াল মির্জাপুর ও মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক-মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
কাজে যোগ না দিয়ে কারখানার শ্রমিকদের বিক্ষোভ
একই সময়ে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার কোয়াট্রো ফ্যাশন, লায়লা গার্মেন্টস ও রাগাডি ফ্যাশনসহ রাজেন্দ্রপুরের বাংলাবাজার এবং আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ দেননি।
তাঁরা বাংলাবাজার-ভাওয়াল মির্জাপুর, মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর আঞ্চলিক সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ করেন।
ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার কোয়াট্রো ফ্যাশনের অপারেটর আরিফা বেগম বলেন, অপারেটরদের বেতন তেমন বাড়েনি। বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবি জানান তিনি।
ভোগান্তিতে যাত্রীরা
ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক কৃত্তি বাবু বলেন, উত্তরা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শ্রমিক বিক্ষোভ ও অবরোধের মুখে পড়েন তিনি। পরে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেও যানজটে আটকে পড়েন। কখন কলেজে পৌঁছাতে পারবেন, তা বলতে পারছেন না বলে জানান তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সাইনবোর্ড ও সালনা এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিতে শুরু করেন।
তিনি বলেন, “আমাদের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। এর জন্য কোথাও কোথাও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে হচ্ছে।”

