বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাত খুন মামলায় আসামিদের আপিলের শুনানি শুরু আপিল বিভাগে

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২১টি আপিল ও ১৬টি ফৌজদারি আবেদনের শুনানি হচ্ছে আপিল বিভাগে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।

দীর্ঘ এক যুগেরও বেশি আগে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত আরও ৯ আসামির সাজাও বহাল রাখেন।

আপিল বিভাগে ৩৭টি আবেদন

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন একসঙ্গে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য গত ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। তবে সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে বুধবার আপিল বিভাগে শুনানি শুরু হলো।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন