শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগ, ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার করা হবে শুনানি
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করবেন। যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। কারাগার থেকে ভার্চুয়ালি মামলার আসামি জিয়াউল আহসান শুনানিতে যুক্ত থাকবেন।
প্রথম দিনের যুক্তিতর্কে যা বলেছে প্রসিকিউশন
মঙ্গলবার প্রথম দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ শাসনামলে গুম-খুনের মাধ্যমে বিরোধী মত দমনে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিলেন জিয়াউল আহসান।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি সরকারের প্রশ্রয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন জিয়াউল আহসান।
১৫ জনের সাক্ষ্য গ্রহণ
এর আগে ১৪ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।
মামলার অভিযোগ
মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীসহ ভিন্নমতের মানুষদের গুম করার পর গাজীপুর, বরগুনা ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অভিযানের নাটক সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়াউল আহসান।

