বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিলেটে হোটেলে অভিযান, সাবেক কক্সবাজারের এমপি বদির ছেলে শাওনসহ আটক ৪

গ্র্যান্ড প্যালেস হোটেলে পাঁচ ঘণ্টার তল্লাশি শেষে ভোরে তাদের আটক করে পুলিশ

সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যজন হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পাঁচ ঘণ্টা ধরে হোটেলে তল্লাশি

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত থেকে গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে পুলিশ। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে হোটেলটিতে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ সদস্যের একটি দল হোটেলটিতে ওঠে।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান

অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন বলে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের আটক করা হয়।

তবে আটক ব্যক্তিরা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন