রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় মাসুম হাওলাদার (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান মাসুম।
আহত ব্যক্তিরা হলেন বশির উদ্দিন (৩৩), রুবেল হোসেন (৩১) ও মো. আলআমিন (৩০)।
যেভাবে ঘটে দুর্ঘটনা
আহত বশির উদ্দিনের স্ত্রী মোছা. নুপুর আক্তার জানান, তাঁদের বাসা শনিরআখড়ার বাগানবাড়ি এলাকায়। আহত আলআমিন ও রুবেল তাঁর আত্মীয়। সকালে বশির অটোরিকশায় করে তাঁদের দুজনকে নিয়ে বাসার সামনে থেকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তাঁরা। খবর পেয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নুপুর আক্তার আরও জানান, বশিরের পা ভেঙে গেছে। রুবেলের কান ও হাতে এবং আলআমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। হাসপাতালে চিকিৎসা শেষে তাঁদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের পরিচয়
নিহত মাসুম হাওলাদারের ভাই হামিম হাওলাদার জানান, তাঁদের বাড়ি বরিশালের উজিরপুর থানার মণ্ডপাশা গ্রামে। তাঁদের বাবার নাম হারুন হাওলাদার। মাসুম বর্তমানে রায়েরবাগ মসজিদের সামনের একটি বাসায় ভাড়া থাকতেন। সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, সকালে রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে অটোরিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় মারা যান। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

