ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, দলটি নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত আদালত নেবে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলমান।’
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান
যেসব জেলায় আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, সেসব এলাকায় সরকার অত্যন্ত কৌশলে ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘বিশ্ব দেখেছে, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের জানমালের ওপর সহিংসতা চালাচ্ছে। এরপরও কেউ জনগণের জানমালের ওপর হামলা চালালে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।’
নিষিদ্ধের সিদ্ধান্ত আদালতের
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, আদালত এই সিদ্ধান্ত নেবে।’
এ ছাড়া শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে চেয়েছিল বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

