গ্রেডভেদে নতুন মজুরি কাঠামোকে শ্রমিকদের আয়বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি শ্রমিকদের অপপ্রচার ও উসকানিতে প্রভাবিত না হয়ে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
গ্রেডভেদে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
নতুন মজুরি কাঠামো নির্ধারণে জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ায় মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানান উপদেষ্টা।
শ্রমিকদের উৎপাদন অব্যাহত রাখার আহ্বান
স্ট্যাটাসে মাহ্দী আমিন বলেন, ২০২৩ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের মাথায় আবারও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। এবার গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরে অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হওয়ায় মাস শেষে তাঁদের মোট আয় আরও বাড়বে।
তিনি বলেন, ‘শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ-নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’
গ্রেডভিত্তিক নতুন মজুরি কাঠামো
নতুন মজুরি কাঠামোর বিবরণ তুলে ধরে মাহ্দী আমিন জানান, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে বেড়েছে ৪৩ শতাংশ।
গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এ মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।
গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে বেড়েছে ৩৬ শতাংশ।
শ্রমিকের কল্যাণ ও শিল্পের সক্ষমতা
মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা রয়েছে। তাঁদের শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক।
তিনি বলেন, ‘এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব।’
উপদেষ্টা আরও বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে।
বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এ ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
টেকসই শিল্পের ওপর গুরুত্ব
মাহ্দী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চাই, যেখানে শ্রমিক তাঁর ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন। উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন। বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান তৈরি করবে।’
উপদেষ্টা আরও বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সুষম সমন্বয়ই তাঁদের মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন মাহ্দী আমিন।

