বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ ও শিক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের আরও বেশি প্রবেশাধিকার চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বৃদ্ধি ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে গম ও সার সরবরাহের জন্য রাশিয়ার প্রশংসা করে তিনি রুশ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান জানান।
চুক্তি বাস্তবায়ন ও বিনিয়োগে গুরুত্ব
বৈঠকে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-রাশিয়া আন্তসরকারি কমিশনের (আইজিসি) বৈঠকের সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রক্রিয়াধীন চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষা ও দক্ষ জনশক্তি রপ্তানিতে সহযোগিতা
বৈঠকে উভয় পক্ষ দক্ষ জনশক্তি রপ্তানি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে। বিশেষ করে বৃত্তি ও অ্যাকাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়টি আলোচনায় আসে।
এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসে ভিসা সাক্ষাৎকারের প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জবাবে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও সম্প্রসারণেও রাশিয়া আগ্রহী।

