বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে: আইজিপি

শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এ কাজে বেসরকারি খাতসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বেসরকারি খাতসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

পুলিশের সক্ষমতা বাড়াতে বেসরকারি খাতের সহযোগিতা চান

আইজিপি বলেন, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা অপ্রতুল। পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানো, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

শিল্প ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য সহায়ক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেন। এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তাসকীন আহমেদ দেশের মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনে হয়রানি প্রতিরোধে হটলাইন চালু, শিল্প ও ব্যবসাপ্রধান অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।

এ ছাড়া আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতের সুরক্ষায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

এ সময় বাংলাদেশ পুলিশ ও ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন