বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৬৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক কারবারি, কিশোর গ্যাং সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরাও গ্রেফতার হয়েছেন।

বুধবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ নভেম্বর পরিচালিত অভিযানে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরোয়ানামূলে ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১৪

মাদক মামলায় ৭৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১১৪ জন।

অভিযানে ৫ হাজার ৫৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ৪৭০ গ্রাম গাঁজা ও ১৬২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২৯টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ১২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড।

আওয়ামী লীগের ৫৮ সদস্য গ্রেফতার

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে ১৩ জন, কক্সবাজারে তিনজন, কুমিল্লায় ২৬ জন, চাঁদপুরে দুজন, নোয়াখালীতে তিনজন, ফেনীতে তিনজন, লক্ষ্মীপুরে পাঁচজন এবং খাগড়াছড়িতে তিনজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩২১

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩২১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৩৭ জন, কক্সবাজারে ২৩ জন, কুমিল্লায় ১৫৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২০ জন, চাঁদপুরে পাঁচজন, নোয়াখালীতে ২৮ জন, ফেনীতে পাঁচজন, লক্ষ্মীপুরে ২৮ জন, রাঙামাটিতে সাতজন, খাগড়াছড়িতে সাতজন এবং বান্দরবানে চারজন রয়েছেন।

জনস্বার্থে পরিচালিত অপরাধবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন