গাজীপুরের শ্রীপুরে কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। পুলিশের দাবি, হামলাকারীরা শ্রমিক নন, বহিরাগত।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে উপজেলার বৈরাগীরচালা ও কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার কয়েকটি কারখানায় এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার হ্যামস গার্মেন্টসের ফটক ও ভেতরে ভাঙচুর চালানো হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন হামলাকারীরা। ভেতরে ঢুকতে না পেরে তারা ফটকে ভাঙচুর চালান। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে এবং নোমান হোম টেক্সটাইলের ফটকেও ভাঙচুর করা হয়।
এ ছাড়া কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইলেও হামলার খবর পাওয়া গেছে। এসব কারখানার মধ্যে কয়েকটি বন্ধ ছিল।
ফখরুদ্দিন টেক্সটাইলেও হামলা
ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ বলেন, বুধবার কারখানা বন্ধ ছিল। সকালে কয়েকজন যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা করেন। তারা ফটক ভাঙচুরের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আবারও কারখানায় হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ইটপাটকেল ছোড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে হামলাকারীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।
হ্যামস গার্মেন্টসের জিএম মাহফুজুর রহমান বলেন, কারখানায় ভাঙচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে পরে জানানো হবে।
হামলাকারীরা শ্রমিক নন: পুলিশ
সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, “যারা বিশৃঙ্খলা তৈরি করছেন, তারা শ্রমিক নন। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা করছেন।”

