বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সংসদীয় মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের প্রতিনিধিদল

গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে চলমান বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন জাতীয় সংসদের ‘সংসদীয় মানবাধিকার ও শান্তি’ বিষয়ক ককাসের আহ্বায়ক ফাহিমা নাসরিন মুন্নি ও সদস্য সানজিদা ইসলাম তুলি। বিচার কার্যক্রম সরাসরি দেখে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

চলমান বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করতে বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন জাতীয় সংসদের ‘সংসদীয় মানবাধিকার ও শান্তি’ বিষয়ক ককাসের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এমপি এবং ককাসের সদস্য সানজিদা ইসলাম তুলি, এমপি।

গুম প্রতিরোধ আন্দোলনের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলির সঙ্গে এ সময় বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিচার কার্যক্রম পর্যবেক্ষণ

ককাসের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। পরে তাঁরা বিচারপ্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন।

ককাসের আহ্বায়ক ফাহিমা নাসরিন মুন্নি বলেন, ‘আমরা গুম পরিবারের সদস্যদের তাঁদের হারানো স্বজনের লাশটিও ফেরত দিতে পারিনি। গুম পরিবারের সদস্যদের স্বচক্ষে বিচার কার্যক্রম দেখার সুযোগ করে দিয়ে তাঁদের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে আশ্বস্ত করতেই আমরা এই পর্যবেক্ষণে গিয়েছিলাম।’

এ সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের আহাজারিতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণের পরিবেশ ভারী হয়ে ওঠে।

বৃহস্পতিবারও পরিদর্শনের কর্মসূচি

আগামীকাল বৃহস্পতিবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের। দেশের সর্বত্র মানবাধিকার ও শান্তি নিশ্চিত করাই এই ককাসের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

ন্যায়বিচারের প্রত্যাশায় স্বজনেরা

উল্লেখ্য, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী গুম ও হত্যার অপরাধের বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতোমধ্যে কয়েকটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি দ্রুত রায় কার্যকর দেখতে চান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন