বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ৭ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ ২২টি

শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ২২ কারখানাও চালু হয়নি; শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিক কার্যক্রম

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি ঘোষণা করলেও থামেনি শ্রমিকদের আন্দোলন। মজুরি নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালেও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের সাতটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশের পর কর্মবিরতি শুরু করেন।

বন্ধ রয়েছে ২২ কারখানা

শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান আন্দোলনের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ ঘোষণা করা ২২টি কারখানা আজও বন্ধ রয়েছে।

তবে বন্ধ থাকা কারখানাগুলোর বাইরে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন ও অন্যান্য কার্যক্রম চলছে বলে জানান তিনি।

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

শিল্প পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন