সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আইনজীবী ও সাধারণ মানুষ
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সন্দেহভাজন একজনকে আটক
ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আইনজীবী ও সাধারণ মানুষ রাজীব ঘোষ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বলেন, আইনজীবী ও সাধারণ মানুষ রাজীব ঘোষ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাঁকে হেফাজতে নেওয়ার পর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
আইনজীবী সমিতির নেতার বক্তব্য
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত রয়েছি।’
এর আগেও আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
এ ঘটনায় পরদিন বাদী হয়ে সূত্রাপুর থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করে।

