বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিশরে পেট্রোলিয়ামবাহী গাড়িতে আগুন, নিহত ৩০

বৃহত্তর কায়রোর রিং রোডে দুর্ঘটনায় আহত ১৫, পুড়ে গেছে আরও ২৭টি গাড়ি

মিশরের বৃহত্তর কায়রোর একটি প্রধান রিং রোডে পেট্রোলিয়ামবাহী একটি গাড়ি উল্টে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আগুনে পুড়ে গেছে আরও ২৭টি গাড়ি।

বুধবার (২৫ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পেট্রোলিয়ামবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বেশ কয়েকটি গাড়িও পুড়ে যায়। দমকলকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আরও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

সহায়তার নির্দেশ প্রেসিডেন্টের

দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সিসি। পাশাপাশি দ্রুত দুর্ঘটনাস্থল পরিষ্কার করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

মিশরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহন করার আহ্বানও জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন