ব্লু নাইল রাজ্যের আল-দামাজিন ও আল-রোসেইরেস শহরে হামলায় আহত প্রায় ২৫; ৩০টির বেশি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপের অভিযোগ
সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার (২৫ নভেম্বর) মানবাধিকার সংস্থা সুদানিজ হিউম্যান রাইটস অবজারভেটরি জানায়, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) এসব হামলা চালানো হয়। হতাহতের অধিকাংশ ঘটনা ঘটেছে আল-দামাজিন শহরে।
৩০টির বেশি ড্রোন নিক্ষেপের অভিযোগ
মানবাধিকার সংস্থাটির দাবি, আরএসএফ আল-দামাজিন শহরের আবাসিক এলাকা ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৩০টিরও বেশি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে। শহরটিতে বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
হামলায় চারটি পরিবারের ১৭ সদস্য নিহত হন। তাঁদের মধ্যে মোহাম্মদ সালেমের পরিবারের তিনজন, আল-দৌমা আল-আমিন আল-হাদির পরিবারের সাতজন, হাসান মোহাম্মদ আহমেদের পরিবারের চারজন এবং জুহালের পরিবারের তিনজন রয়েছেন। এ ছাড়া আল-রোসেইরেস শহরে আরও দুজন নিহত হন। দুই শহরে আহত হয়েছেন প্রায় ২৫ জন, যাদের অধিকাংশই শিশু।
সংস্থাটি বলেছে, নিরস্ত্র বেসামরিক নাগরিক, নারী, শিশু ও বয়স্কদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। আবাসিক এলাকা ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে এ ধরনের হামলা অব্যাহত থাকলে আরও মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হবেন এবং মানবিক সংকট আরও গভীর হবে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান
হামলার জন্য আরএসএফ এবং এই বাহিনীকে অস্ত্র, অর্থ ও রাজনৈতিক সহায়তা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং ড্রোন হামলা ও গোলাবর্ষণ বন্ধের দাবি জানিয়েছে তারা। তবে হতাহতের বিষয়ে সুদানের কর্তৃপক্ষ কিংবা আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আল-দামাজিন শহরে ড্রোন হামলা প্রতিহত করে সুদানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় ব্যাপক গোলাগুলি, বিস্ফোরণ ও ধোঁয়া দেখা যায়। তবে এ ঘটনা নিয়ে সেনাবাহিনী কিংবা আরএসএফ তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।
ব্লু নাইলে নতুন করে সংঘর্ষ
ব্লু নাইল রাজ্যে নতুন করে সংঘর্ষের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে। সোমবার আরএসএফ দাবি করে, সংঘর্ষের পর তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুদা এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে শনিবার সুদানের সেনাবাহিনী জানায়, রাজ্যটিতে তাদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানো হয়েছে এবং চতুর্থ পদাতিক ডিভিশনের সেনা মোতায়েন করা হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। আধাসামরিক বাহিনীটিকে সেনাবাহিনীতে একীভূত করার পরিকল্পনা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত। সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

