বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রশাসকের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে নেত্রকোণার দুর্গাপুরের এক ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় প্রশাসকের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে বিপুল পরিমাণ সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মঙ্গলবার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের বাসিন্দা উসমান গনি ও রিপন কর্মকার। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় যাদের আসামি করা হয়েছে

মামলার আসামিরা হলেন—ইউপি সচিব মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

যেভাবে উত্তোলন করা হয় টাকা

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের দুটি যৌথ ব্যাংক হিসাবে সরকারি তহবিলের মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা জমা ছিল। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ ছিল ২৬ লাখ ৫০ হাজার টাকা। প্রত্যেক কৃষককে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।

অন্য হিসাবে উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা জমা ছিল। অভিযোগ অনুযায়ী, দুটি হিসাব থেকে মোট ৭০টি চেকের মাধ্যমে বিভিন্ন সময়ে পুরো অর্থ উত্তোলন করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২৬টি চেকের মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে কৃষকদের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়। অন্যদিকে, ৪৪টি চেকের মাধ্যমে উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়া হয়।

এসব চেকের অধিকাংশই ইউপি সচিব রুয়েলুজ্জামান উসমান গনি ও রিপন কর্মকারের নামে উত্তোলন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ কাজে অন্যরাও সহযোগিতা করেছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

টাকা বিতরণের দিন অনুপস্থিত ছিলেন সচিব

মামলার বরাতে জানা গেছে, কৃষকদের মধ্যে বরাদ্দের টাকা বিতরণের জন্য দুই দফা তারিখ নির্ধারণ করা হলেও ইউপি সচিব উপস্থিত হননি। সর্বশেষ বৃহস্পতিবার টাকা বিতরণের দিন ধার্য করা হয়। তবে এর আগেই তিনি পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার সকালে ইউপি প্রশাসক ফজলুর রহমান নিজে সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গেলে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের বিষয়টি ধরা পড়ে। পরে তিনি থানায় মামলা করেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, “সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন