বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কর্নিয়া সংগ্রহ ও পরিবহনে প্রশিক্ষিত জনবল গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে পরিবার ও সমাজে চক্ষুদান নিয়ে সচেতনতা বাড়াতে হবে।

চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ ব্যবস্থা জোরদার করা জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, আই ব্যাংকিং ব্যবস্থা জোরদারের পাশাপাশি কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নীলক্ষেতের বাবুপুরা রোডে সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি হলে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুসংস্কার দূর করতে সচেতনতা জরুরি

এম এ মুহিত বলেন, রক্তদান তিন মাস পরপর করা গেলেও কর্নিয়া দান জীবনে ও মৃত্যুর পর একবারই করা যায়। তাই এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত সংস্কার ও ভুল ধারণা দূর করতে নিবিড় পরামর্শ এবং সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, সন্ধানীর ৪২ বছরের নিরলস প্রচারণার ফলে সমাজে একসময়ের কুসংস্কার অনেকটাই কমেছে। মানুষ এখন জানে, কর্নিয়া দানের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী একজন মানুষ আবার দৃষ্টি ফিরে পেতে পারেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আঘাতজনিত কর্নিয়ার ক্ষতিতে সফল প্রতিস্থাপনের হার বর্তমানে অনেক বেশি। তরুণ প্রজন্মকে চক্ষুদান আন্দোলনে সম্পৃক্ত করা গেলে তারা নিজ নিজ পরিবারের দাদা-দাদি ও নানা-নানিকে চক্ষুদানে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সব বিভাগে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান

দেশের ২০ কোটি মানুষের বিপরীতে মাত্র পাঁচটি অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সব বিভাগে চক্ষুদান কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির চলমান চক্ষু হাসপাতালের সাহায্যে রাজধানীর নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে আরও বিস্তৃত সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে যারা ছিলেন

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন