পুনরায় ফুটপাত ও সরকারি জায়গা দখল করে বসা হকারদের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বিকেলে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মিরপুর-১০ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।
এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরের ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদের পর আবারও বসেছিলেন হকাররা
এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ নম্বরের ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছিল। ওই অভিযান সাধারণ মানুষের প্রশংসা পায়। তবে গত কয়েক দিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে আবারও বসার চেষ্টা করেন।
এমন খবর পেয়ে বুধবার ফের অভিযান চালিয়ে হকারদের উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে মিরপুর-১০ এলাকা আবারও হকারমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।
ফুটওভার ব্রিজের সংস্কারকাজ পরিদর্শন
উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০-এর ফুটওভার ব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

