বেনগাজি বন্দরের কাছে একটি রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলায় আহত হওয়ার পর মারা গেছেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় বাহিনীর দুই নৌ কর্মকর্তা। হামলার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
নিহত দুই কর্মকর্তা হলেন আল-তাহের আবদুল্লাহ আল-সাদিক ও লেফটেন্যান্ট আলী মোহাম্মদ আল-সাঈদ। লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) জানিয়েছে, গত রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় রাতে জাহাজটিতে হামলা হলে তাঁরা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের মৃত্যু হয়।
পাল্টা জবাবের হুঁশিয়ারি
হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে এলএনএর জেনারেল কমান্ড। নিজেদের পছন্দমতো সময় ও স্থানে এর পাল্টা জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তারা। পাশাপাশি লিবিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পূর্বাঞ্চলীয় বাহিনীটি।
হামলার পর হাফতারের ছেলে সাদ্দাম হাফতার বলেন, ‘গভীর শোক ও অত্যন্ত গর্বের সঙ্গে আমি আজ আমাদের নৌবাহিনীর দুই বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বেনগাজি নৌঘাঁটিতে চালানো হামলার পর দায়িত্ব পালনকালে পাওয়া আঘাতে তাঁরা শহীদ হয়েছেন।’
হামলার দায় স্বীকার জেলেনস্কির
সোমবার (২৩ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন, কিয়েভই এ অভিযান চালিয়েছে। রোববার রুশ নৌবাহিনীর ওই যুদ্ধজাহাজটি ডুবিয়ে দিতে ইউক্রেনের তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করা হয়। এতে ১০ জন আহত হন বলে জানানো হয়।
একই দিন শেষভাগে বেনগাজি উপকূলের অদূরে একটি মালবাহী জাহাজ লক্ষ্য করে পৃথক আরেকটি হামলা চালানো হয়।
রাশিয়ার সঙ্গে হাফতার শিবিরের ঘনিষ্ঠতা
লিবিয়া বর্তমানে দুটি প্রশাসনে বিভক্ত। রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘ-স্বীকৃত সরকার রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বে আরেকটি সমান্তরাল প্রশাসন পরিচালিত হচ্ছে।
হাফতারের শিবির বেশ কয়েক বছর ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে।

