সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। জবাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিও রোমন্থন করেন তিনি।
সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা
বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান কাউন্সিলের সদস্যরা। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা।
যাঁরা উপস্থিত ছিলেন
সাক্ষাতে উপস্থিত ছিলেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তরের আবদুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ওয়াদার শফিকুল আলম, নিউ নেশনের মোকাররম হোসেন, খোলা কাগজের মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ফাইনান্সিয়াল পোস্টের এস এম মেজবাহ উদ্দিন, জনতার ওবায়দুর রহমান শাহীন এবং পিপলস ভিউয়ের ওসমান গনি মনসুর।
এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

