বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউলর আহসানের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর

পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, মৃত্যুদণ্ডই একমাত্র সাজা’—মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সম্পর্কে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ তুলে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে এ আবেদন জানান চিফ প্রসিকিউটর।

‘পৃথিবী থেকেই পারসোনা নন-গ্রাটা করা উচিত’

যুক্তিতর্কে ‘পারসোনা নন-গ্রাটা’ বলতে কী বোঝানো হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানকে সর্বোচ্চ শাস্তি দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করা উচিত। এ অবাঞ্ছিত ঘোষণা শুধু সেনানিবাসের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এমন ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।

আইনের ২০-এ ধারার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। বিষয়টি বোঝাতেই জিয়াউলকে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করার কথা বলা হয়েছে। তাঁর ভাষায়, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হবে।

১১৫ জন হত্যার অভিযোগ

জিয়াউল আহসানের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তিনি কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন। মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, জিয়াউলকে সেনানিবাস থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল, যেন তিনি সেখানে প্রবেশ করতে না পারেন। তবে এ ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত।

একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন—ট্রাইব্যুনালে এমন প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথাও এসেছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। তাই জিয়াউলকে এমন শাস্তি দেওয়া উচিত, যেন তিনি গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ হয়ে যান। যাদের হত্যা করা হয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না।

যুক্তিতর্কের একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের কয়েকজন সেনা কর্মকর্তার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সেনা কর্মকর্তাদের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। কিন্তু তাঁরা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

যেভাবে হত্যার বর্ণনা দিলেন চিফ প্রসিকিউটর

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, সে বিষয়ে যুক্তিতর্কে তথ্য ও আইনের ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী। তাঁরা প্রত্যক্ষদর্শী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সামনে বা অংশগ্রহণেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষীদের জবানবন্দি থেকে জানা গেছে, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনো ১১ জন বা তার বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাঁদের বরিশালের চরদুয়ানী কিংবা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে তাঁদের হত্যা করা হতো। কাউকে বালিশ চাপা দিয়ে গুলি করা হতো, আবার কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।

তিনি বলেন, এভাবে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার কারণে সেগুলো উদ্ধারের সম্ভাবনা ছিল না। জলজ প্রাণীর কারণে কিছুদিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ১৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে। তাঁরা হলেন নজরুল ও সজল।

আমিনুল ইসলামের দাবি, টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে বিষয়টি প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি।

২০ থেকে ২৫টি অভিযানে হত্যার অভিযোগ

চিফ প্রসিকিউটর জানান, মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে সাক্ষীদের দাবি অনুযায়ী, বিভিন্ন সময়ে জিয়াউল আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন। তদন্তে এখন পর্যন্ত ১১৫ জনের হত্যার তথ্য পাওয়া গেছে। এ সংখ্যা চূড়ান্ত নয়; গুমের বিষয়ে তদন্ত চলমান থাকায় আরও তথ্য পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী, ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযানে গিয়েছিলেন জিয়াউল আহসান। প্রতিটি অভিযানেই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কোনো কোনো অভিযানে সর্বোচ্চ ১১ জনকে হত্যার কথাও জানিয়েছেন সাক্ষীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন