বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজেদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের সমস্যা সমাধান এবং নতুন শিল্প গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার্থীদের পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের সমস্যার সমাধান, বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন এবং অন্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে কাজ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘কাউন্সিল অব এমআইএসটি’র ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রযুক্তিনির্ভর বাংলাদেশের জন্য দক্ষ পেশাজীবী প্রয়োজন

শিক্ষামন্ত্রী বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে এগিয়ে যেতে এমন দক্ষ পেশাজীবী প্রয়োজন, যারা শুধু প্রযুক্তিগতভাবে যোগ্যই নন, বরং সৎ, উদ্ভাবনী এবং নিজেদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। সেই বাংলাদেশে শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হবে।

‘এখন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং তরুণ প্রজন্মকে আধুনিক, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের উপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছি’, বলেন তিনি।

চাকরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির চিন্তা করতে হবে

ভবিষ্যতের প্রকৌশলী ও পেশাজীবীদের সততা, দায়িত্ববোধ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, কর্মসংস্থান খুঁজে পাওয়া অনেক সময় বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই নতুন সম্ভাবনা ও সুযোগ লুকিয়ে থাকে। তাই শুধু প্রচলিত চাকরির চিন্তায় সীমাবদ্ধ না থেকে নতুনভাবে ভাবতে হবে।

তিনি বলেন, নিজের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন, ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মের দক্ষতা ও ধারণা নতুন শিল্প গড়ে তুলতে এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হায়াত।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন