বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভেজাল সার-কীটনাশকে বাড়ছে কৃষকের লোকসান, কমছে মাটির উর্বরতা

নিম্নমানের কৃষি উপকরণ, উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজারে পর্যাপ্ত তদারকির অভাবে নীলফামারীতে চাপে পড়েছেন কৃষকরা। কাঙ্ক্ষিত ফলন না পেয়ে লোকসান গুনছেন অনেকে। অতিরিক্ত ও অপরিকল্পিত রাসায়নিক ব্যবহারে মাটির স্বাস্থ্য ও উৎপাদনক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়ছে।

ভালো ফলনের আশায় কৃষিজমিতে রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশকসহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ব্যবহার করছেন কৃষকরা। ফসলের বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে প্রয়োগ করছেন বিভিন্ন হরমোন ও গ্রোথ রেগুলেটর। তবে এসব উপকরণের গুণগত মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

বাজারে ভেজাল সার, নিম্নমানের কৃষি উপকরণ ও অকার্যকর কীটনাশকের দৌরাত্ম্যে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। বাড়ছে উৎপাদন খরচ, কিন্তু সেই তুলনায় বাড়ছে না ফলন। লোকসানের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকে। কেউ কেউ কমিয়ে দিচ্ছেন চাষাবাদ, আবার কেউ কৃষিকাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।

আমন আবাদ কমেছে, আলু চাষের লক্ষ্যমাত্রা বেড়েছে

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মৌসুমে জেলায় ১ লাখ ১৩ হাজার ২১৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২০৫ হেক্টরে। অর্থাৎ গত বছরের তুলনায় ১০ হেক্টর জমিতে আমনের আবাদ কমেছে। তবে কৃষি বিভাগের দাবি, এসব জমির কিছু অংশে আমনের পরিবর্তে আগাম সবজি চাষ করছেন কৃষকরা।

অন্যদিকে, গত মৌসুমে জেলায় ২২ হাজার ৪০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। চলতি মৌসুমে ২২ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১২ হাজার ২৫৬ হেক্টর জমিতে আলু চাষ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উৎপাদন খরচ বৃদ্ধি, সার ও কীটনাশকের উচ্চমূল্য, ভেজাল কৃষি উপকরণ এবং বাজারে পর্যাপ্ত তদারকির অভাব কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও কোম্পানির কারসাজিতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন কৃষকরা। আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি চক্রের প্রভাবে সার ও কীটনাশকের বাজার নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। ফলে প্রকৃত মান যাচাই না করেই অনেক সময় এসব উপকরণ কিনতে হচ্ছে কৃষকদের।

অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ভেজাল সার ও অকার্যকর বালাইনাশক তৈরি করে বাজারজাত করা হচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে নিম্নমানের কীটনাশকও। আসল-নকল চেনার উপায় না থাকায় অনেক কৃষক দোকানদার ও কোম্পানির প্রতিনিধিদের পরামর্শের ওপর নির্ভর করে কৃষি উপকরণ ব্যবহার করছেন। এতে উৎপাদন ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত ফলন না পেয়ে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।

খরচ বাড়ছে, ফলন নিয়ে হতাশ কৃষক

ডোমার উপজেলার কাজীরহাট এলাকার কৃষক আনারুল ইসলাম এনপিবিকে বলেন, এক বিঘা জমিতে বর্তমানে আমন ধান চাষ করতে প্রায় ১৩ হাজার টাকা খরচ হয়। এতে ধান পাওয়া যায় ১৮ থেকে ১৯ মণ। সেই ধান বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, চাষাবাদ শুরুর সময় মানুষের কাছ থেকে ধারদেনা করে আমন ধান লাগিয়েছিলেন। এরপর জমিতে নিরানি, রাসায়নিক সার, কীটনাশকসহ বিভিন্ন উপকরণ দিতে হয়। কিন্তু প্রয়োজনের সময় বাজারে রাসায়নিক সার পাওয়া যায় না। দোকানে পাওয়া গেলেও বেশি দাম দিয়ে কিনতে হয়। পাশাপাশি আগাছানাশক ব্যবহার না করলে ফলন ভালো হয় না। সব মিলিয়ে চাষাবাদের খরচ বেড়েই চলেছে।

একই এলাকার কৃষক বজলুর রশিদ বলেন, দোকান থেকে ভালো সার কিনে জমিতে দেন। কিন্তু সারের ভেতরে কী উপাদান রয়েছে, তা তাঁরা জানেন না। জমিতে সার দেওয়ার পর ভালো ফলন না পেলে আবারও সার দিতে হয়।

তিনি বলেন, কয়েক বছর আগে যে পরিমাণ সার দিয়ে চাষাবাদ করা যেত, এখন তার চেয়ে বেশি সার দিতে হচ্ছে। বর্তমানে এক বিঘা জমিতে আমন আবাদ করতে প্রায় ৬০ কেজি সার দিতে হয়। এর পাশাপাশি কীটনাশক, জিংক, বোরন ও জিপসাম ব্যবহার করেও আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে না।

সদরের কুন্দপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, দোকান থেকে সার কিনে জমিতে দেওয়ার পরও ভালো ফল পাওয়া যাচ্ছে না। অন্যান্য সারের পাশাপাশি বোরন, জিংক ও জিপসাম ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না তিনি।

তাঁর অভিযোগ, অধিক মুনাফার আশায় কিছু খুচরা ব্যবসায়ী নকল সার বাজারে এনেছেন। এসব সারের গুণগত মান যাচাই ও তদারকি করা প্রয়োজন।

আব্দুল মতিন বলেন, কোন ফসলে কী পরিমাণ সার দিতে হবে, কখন কোন সার দিতে হবে কিংবা পোকা দমনে কী ধরনের কীটনাশক প্রয়োজন, তা অনেক কৃষকের জানা নেই। ফলে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শের ওপর নির্ভর করতে হয় তাঁদের। তাঁরা নিজেদের কোম্পানির সার ও কীটনাশক ভালো বলে প্রচার করেন। অনেক সময় একটি পোকা দমনে একাধিক কোম্পানির ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এতে কৃষকের উৎপাদন খরচ আরও বেড়ে যায়।

কম দামে বিক্রি হচ্ছে নকল জিং, বোরন ও জিপসাম

বিশিষ্টজনেরা বলছেন, ভালো ফলনের আশায় কৃষকেরা ফসলে হরমোন, আগাছানাশক ও রোগবালাই দমনের রাসায়নিক উপকরণ ব্যবহার করছেন। এসব উপকরণের অতিরিক্ত প্রয়োগে ফসলের ক্ষতির পাশাপাশি জমির উৎপাদনক্ষমতাও কমে যেতে পারে। প্রয়োজনের তুলনায় বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য ও ফসলের উৎপাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ফসলের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে বালাইনাশক, জিংক, বোরন ও জিপসাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এসব উপকরণের গুণগত মান এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। বাজারে কিছু জিংক, বোরন ও জিপসাম সারে ভেজালের পরিমাণ বাড়ছে বলে অভিযোগ রয়েছে। এসব ভেজাল উপকরণ ব্যবহারে ফসলের ক্ষতি এবং জমির উর্বরতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সার ও কীটনাশক ব্যবসায়ী জানান, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মানহীন জিংক, বোরন ও জিপসাম সার বিক্রি করছেন। এসব নকল সারের ক্রয়মূল্য তুলনামূলক কম। প্রতি এক কেজির প্যাকেট ৭০ টাকায় কিনে তা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

তাঁরা বলেন, আসল জিংক, বোরন ও জিপসাম সার প্রতি প্যাকেট কিনতেই প্রায় ১২৫ টাকা খরচ হয়। পরিবহনসহ অন্যান্য খরচ যোগ করে তা ১৫০ টাকায় বিক্রি করতে হয়। কিন্তু একই ধরনের পণ্য কম দামে পাওয়ায় কৃষকেরা সেদিকে ঝুঁকছেন। অথচ এসব নকল সার ব্যবহারের কারণে ফসল উৎপাদনে ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।

ব্যবসায়ীরা আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এমনভাবে নকল সারের প্যাকেট তৈরি করছেন, যা দেখতে আসল কোম্পানির মোড়কের মতো। ফলে সাধারণ কৃষকদের পক্ষে আসল ও নকল সার চেনা কঠিন। অনেক সময় তাঁরা বুঝতেই পারেন না প্রকৃতপক্ষে কী ধরনের সার কিনছেন। বাজারে এসব পণ্য শনাক্ত করতে নিয়মিত তদারকি ও পরীক্ষার ব্যবস্থা প্রয়োজন।

সুষম মাত্রায় সার ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম বলেন, কৃষকেরা সাধারণত ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ব্যবহার করেন। তাঁদের ডিএপি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তারপরও অনেক কৃষক টিএসপি ব্যবহার করছেন। এ ছাড়া তাঁরা বোরন, জিংক ও ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন ধরনের সার ব্যবহার করেন। তবে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারে ভেজাল মেশানোর সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

ভেজাল ও অতিরিক্ত সার ব্যবহারের বিষয়ে শাহিনা বেগম বলেন, বেশি ফলনের আশায় অনেক কৃষক জমিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার প্রয়োগ করছেন। এতে একদিকে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি জৈব সার ও কেঁচো সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এসব সার ব্যবহার করলে রাসায়নিক সারের ব্যবহার অনেকটা কমিয়েও ভালো ফলন পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে। এ চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়াতে হচ্ছে। অন্যদিকে দিন দিন কৃষিজমির পরিমাণ কমছে। ফলে অল্প জমিতে অধিক ফলন ফলানোর চাপ তৈরি হয়েছে। এ কারণে কৃষকেরা হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের ফসল চাষ করছেন। এসব ফসলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। সেগুলো দমনে কীটনাশক ব্যবহার করা হলেও তা সঠিক সময়ে, সঠিক নিয়মে ও নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে। এতে পোকামাকড় দমনের পাশাপাশি ফসলের ক্ষতিও কমানো সম্ভব।

কৃষকদের সচেতনতার বিষয়ে তিনি বলেন, অনেক কৃষক নিজেরা না বুঝে শুধু কীটনাশকের দোকানদারের পরামর্শে বিভিন্ন ধরনের কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করেন। এতে অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই কীটনাশক ব্যবহারের আগে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ নেওয়া উচিত। কীটনাশকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে জৈব বালাইনাশক ও বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

কৃষকদের সহযোগিতার বিষয়ে শাহিনা বেগম বলেন, কৃষি বিভাগ ও কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও উপকরণ দিয়ে সহযোগিতা করছেন। তবে কিছু দোকানদার অধিক বিক্রির আশায় কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক দিয়ে থাকেন। এ বিষয়ে কোম্পানিগুলোর সঙ্গে কথা বলা হয়েছে, যাতে তারা কৃষকদের অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহারে উৎসাহিত না করেন। কেউ ভেজাল সার বা কীটনাশক বিক্রি কিংবা ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অপরিকল্পিত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

মৃত্তিকা বিভাগ সূত্রে জানা যায়, মাটির স্বাভাবিক গুণাগুণ ও উর্বরতা বজায় রাখতে অতিরিক্ত নাড়াচাড়া করা উচিত নয়। অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গভীরভাবে চাষাবাদের পরামর্শ দিচ্ছে। তবে মাটির কোন স্তরে কী ধরনের পুষ্টি উপাদান ও সার রয়েছে, সে বিষয়ে অনেক কৃষকের পর্যাপ্ত ধারণা নেই। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণেরও অভাব রয়েছে।

ফলে হাইব্রিড ফসল উৎপাদনে কী পরিমাণ ও কোন ধরনের সার প্রয়োগ করতে হবে, তা অনেক কৃষকই জানেন না। এতে অপরিকল্পিত ও অতিরিক্ত সার ব্যবহারের কারণে মাটির উর্বরতা ও উৎপাদনক্ষমতা ক্রমেই হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

অন্যদিকে, দিন দিন কমছে কৃষিজমির পরিমাণ। কৃষিজমি দখল করে গড়ে উঠছে বড় বড় ইমারত ও কলকারখানা। ফলে চাষাবাদের জমি সংকুচিত হয়ে আসছে। অল্প জমিতে পরিবারের ভরণপোষণসহ সব খরচ জোগাতে গিয়ে চাপে পড়ছেন অনেক কৃষক। এ অবস্থায় কম সময়ে অধিক ফলনের আশায় তাঁরা বিভিন্ন ধরনের হরমোন, আগাছানাশক ও রোগবালাই দমনের রাসায়নিক উপকরণ ব্যবহার করছেন। তবে এসব উপকরণের অপরিকল্পিত ব্যবহারে মাটির উর্বরতা ও উৎপাদনক্ষমতা বাড়ার পরিবর্তে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

রংপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম আমিনুল ইসলাম এনপিবিকে বলেন, প্রতি বছরই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সন্দেহজনক সার পরীক্ষার জন্য তাঁদের গবেষণাগারে পাঠানো হয়। এর মধ্যে জিংক ও বোরন সার রয়েছে।

তিনি বলেন, এসব সার পরীক্ষা করে গুণগত মান যাচাইয়ের পর প্রতিবেদন দেওয়া হয়। যেসব সারে ভেজাল বা ত্রুটি পাওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে অবহিত করার দায়িত্ব জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পাশাপাশি কৃষকদেরও এ বিষয়ে সচেতন করতে হবে, যাতে তাঁরা ভেজাল সার ব্যবহার না করেন।

এ কে এম আমিনুল ইসলাম বলেন, প্রতি বছর পরীক্ষার জন্য আসা জিংক ও বোরন সারের মধ্যে ভেজালের প্রমাণ পাওয়া গেছে। এসব সার ফসলের জমিতে অল্প পরিমাণে ব্যবহার করা হয়। কিন্তু সারে প্রয়োজনীয় উপাদান না থাকলে গাছ তা থেকে প্রত্যাশিত পুষ্টি গ্রহণ করতে পারে না। ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি ফসলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, জিংক সারের মধ্যে প্রয়োজনীয় মাত্রায় জিংক না থেকে অন্য কোনো উপাদান থাকলে তা মাটির জন্য ক্ষতিকর হতে পারে। জিংক ও বোরন সারে নির্ধারিত মাত্রায় প্রয়োজনীয় উপাদান থাকা জরুরি। তা না হলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাটির গুণাগুণও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে। দেশে এ ধরনের অনেক কোম্পানি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু সার গবেষণাগারে পরীক্ষা করে ভেজালের প্রমাণ পাওয়া গেছে।

মাটির গুণাগুণ ও স্বাস্থ্য ভালো রাখতে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে এ কে এম আমিনুল ইসলাম বলেন, জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমে আসে। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ফসলের উৎপাদনও ভালো হয়।

নিয়মিত বাজার তদারকির দাবি কৃষকদের

কৃষকদের দাবি, সার ও কীটনাশকের গুণগত মান নিশ্চিত করতে বাজারে নিয়মিত অভিযান, নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা জোরদার করতে হবে। এতে ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে। পাশাপাশি কৃষকদের সঠিক কৃষি পরামর্শ এবং মানসম্মত উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।

মাঠপর্যায়ে সার ও কীটনাশক ব্যবহারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং অতিরিক্ত দামে সার বিক্রিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

কৃষকদের আশঙ্কা, বাজারে মানসম্মত সার ও কার্যকর কীটনাশক নিশ্চিত করা না গেলে উৎপাদন খরচের চাপে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন অনেকে। এতে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, সামগ্রিক কৃষি উৎপাদনও ঝুঁকির মুখে পড়তে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন