চুক্তি না হলে শুল্কের হার বেড়ে ২৫ শতাংশ হতে পারে; দ্বিপক্ষীয় আলোচনা দ্রুত শেষ করতে চায় নয়াদিল্লি
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি সই হলে ভারতীয় আমদানি পণ্যের ওপর আরোপিত শুল্ক সর্বোচ্চ ১৭ শতাংশে সীমিত রাখবে ওয়াশিংটন। তবে দুই দেশের মধ্যে চুক্তি না হলে এ শুল্কের হার বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প প্রশাসন ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা’ মোকাবিলার কথা বলে ১৪টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব করার প্রেক্ষাপটে ইউএসটিআর এ অবস্থান জানিয়েছে।
ভারতের প্রতিক্রিয়া
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউএসটিআরের নোটিশ পর্যালোচনা করছে। তদন্ত চলাকালে ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, দেশটির কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।
এক বিবৃতিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পুরো তদন্ত প্রক্রিয়ায় ভারত গঠনমূলকভাবে যুক্ত ছিল। বাণিজ্যসংক্রান্ত উদ্বেগগুলো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।
ভারতের যেসব নীতিতে আপত্তি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ভারতের শিল্প সম্প্রসারণ নীতি, অপর্যাপ্ত শ্রম সুরক্ষা, আর্থিক নিপীড়ন (ফাইন্যান্সিয়াল রিপ্রেশন), বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা এবং অ-বাজার অর্থনীতির দেশগুলো থেকে আমদানি ও বিদেশি বিনিয়োগসহ বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতাকে অযৌক্তিক বাণিজ্য চর্চা হিসেবে চিহ্নিত করেছে।
ওয়াশিংটনের দাবি, এসব নীতির কারণে মার্কিন উৎপাদক, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে অ-বাজার অর্থনীতির দেশগুলোর কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরশীলতার কারণে অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইস্পাত, সৌরবিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাত এ ঝুঁকির মুখে রয়েছে।
আগের শুল্ক কমে ১৮ শতাংশে নেমেছিল
গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তির কাঠামোতে সম্মত হয়। এর ফলে আগের দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর ২০২৫ সালের আগস্টে অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক কমে ১৮ শতাংশে নেমে আসে।
এর আগে বিশ্বব্যাপী ব্যাপক হারে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি ক্ষমতা প্রয়োগের বিষয়টি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলে ১০ শতাংশের একটি ভিত্তি শুল্কহার নির্ধারণ করা হয়।
তবে বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনীতির দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো চূড়ান্ত বাণিজ্য চুক্তি হয়নি।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

