শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গাজায় শীতের আগেই মানবিক সংকট ভয়াবহ হওয়ার শঙ্কা ইউনিসেফের

আসন্ন শীতে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা ইউনিসেফের; প্রায় ৪ হাজার ভবন ধসে পড়ার ঝুঁকিতে

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছাতে শুরু করেছে। তবে ঘরবাড়ি ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হারানো পরিবারগুলোর প্রয়োজনের তুলনায় এ সহায়তা খুবই কম বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে আসন্ন শীত মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

গাজা সিটি থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনিসেফ প্যালেস্টাইনের যোগাযোগবিষয়ক প্রধান টবি ফ্রিকার বলেন, কিছু ত্রাণসামগ্রী পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ত্রিপল, তাঁবু ও শিশুদের শীতবস্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। তবে প্রয়োজনের তুলনায় এসব সহায়তা এখনো খুবই কম। আরও বড় পরিসরে ত্রাণ সরবরাহ করা জরুরি।

বন্যায় ক্ষতিগ্রস্ত দুই লাখের বেশি মানুষ

টবি ফ্রিকার জানান, সাম্প্রতিক বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। তাঁদের অনেকের অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কোনো কোনো আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইউনিসেফের কর্মীরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত তাঁবুর পরিবর্তে নতুন তাঁবু স্থাপনে কাজ করছেন। এর মধ্যেই শিশুরা অস্থায়ী শিক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া নিজেদের খাতাপত্র বাঁচানোর চেষ্টা করছে।

ধসে পড়ার ঝুঁকিতে প্রায় ৪ হাজার ভবন

গাজায় ভবন ধসে পড়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন টবি ফ্রিকার। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে। গত সেপ্টেম্বরে একটি ভবন ধসে ১২ শিশুসহ ২০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

তিনি বলেন, মানুষের আরও টেকসই আশ্রয়কেন্দ্রে বসবাস করার কথা। অথচ চলমান মানবিক সংকটের মধ্যে গাজার বাসিন্দাদের চতুর্থ শীতকাল পার করতে হচ্ছে। প্রায় ৪ লাখ মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন, যাঁদের অর্ধেকই শিশু।

শীত মৌসুমে সংকট বাড়ার শঙ্কা

শীতের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করে ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, শীতকাল মাত্র শুরু হয়েছে। ফলে সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাই বেশি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন