বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন নেতানিয়াহু: বাইডেন

গাজায় বেসামরিক প্রাণহানি কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ; নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের অবনতির কথা নতুন স্মৃতিকথায় তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি, প্রতিশ্রুতি দিয়েও বারবার তা রক্ষা করেননি তিনি। ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছেন নেতানিয়াহু—এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত বাইডেনের নতুন স্মৃতিকথার কিছু অংশে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির বিষয়টি উঠে এসেছে।

‘প্রমিজ মি, আমেরিকা’ শিরোনামের ওই স্মৃতিকথায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিভিন্ন দিক তুলে ধরেছেন বাইডেন।

বেসামরিক প্রাণহানি কমানোর আহ্বান উপেক্ষার অভিযোগ

বাইডেন লিখেছেন, গাজায় সংঘাত শুরুর পর থেকেই বেসামরিক মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের দাবি, ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান প্রাণহানি ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত করছে—এ কথা নেতানিয়াহু স্বীকার করেছিলেন। কিন্তু এরপরও ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, ‘এ বিষয়ে ইসরাইলকে প্রশ্ন করা হলে দেশটির পক্ষ থেকে সব সময় কোনো না কোনো ব্যাখ্যা কিংবা অজুহাত দেওয়া হতো। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হতো না।’

নেতানিয়াহুর প্রতিশ্রুতি নিয়ে আস্থার সংকট

নেতানিয়াহুর ওপর নিজের আস্থার সংকটের কথাও স্মৃতিকথায় তুলে ধরেছেন বাইডেন। তাঁর অভিযোগ, ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখাকেই বেশি প্রাধান্য দিয়েছেন নেতানিয়াহু।

বাইডেন লিখেছেন, এমন প্রতিশ্রুতি দিতেও নেতানিয়াহুর আপত্তি ছিল না, যেগুলো বাস্তবায়নের ক্ষমতা তাঁর ছিল না কিংবা বাস্তবায়নের কোনো ইচ্ছাই ছিল না।

তিনি আরও বলেন, একজন রাষ্ট্রনায়কের মতো চিন্তা করতে নেতানিয়াহুর ব্যর্থতায় তিনি হতাশ হয়েছিলেন। নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক প্রয়োজনের পরিবর্তে ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় নেতানিয়াহুর মনোযোগী হওয়া উচিত ছিল বলে মনে করেন বাইডেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন