শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান; জিতলেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। রাত সাড়ে ৮টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে জিততে পারলেই আগামী ১৭ নভেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে আট বংশোদ্ভূত ফুটবলার

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশের শুরুর একাদশে জায়গা পেয়েছেন আটজন বংশোদ্ভূত ফুটবলার। কোচ টমাস ডুলির একাদশে দেশি ফুটবলার হিসেবে রয়েছেন গোলরক্ষক শ্রাবণ, রহমত ও রাকিব।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। সাদের পরিবর্তে খেলছেন রহমত এবং ইব্রাহিমের জায়গায় সুযোগ পেয়েছেন শুকি।

বাংলাদেশের একাদশ: শ্রাবণ, জায়ান, জিদান, তারিক, রহমত, হামজা, শমিত, কাজেম, ফারহান, শুকি ও রাকিব।

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

এর আগে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালের শুরুতেই এগিয়ে যায় ভারত। ম্যাচের নবম মিনিটে ক্রস থেকে পাওয়া বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দলকে এগিয়ে দেন বিষ্ণু। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিংলেন সানা সিং। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ভারত।

বিরতির পর ৪৮ মিনিটে টাশি টোবডেনের গোলে ব্যবধান কমায় ভুটান। ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি। এরপর সমতায় ফেরার জন্য আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ভুটান। ফলে ২-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন