শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পোশাকশিল্পে স্থিতিশীলতা ফেরাতে সরকারের কার্যকর ভূমিকা চায় বিজিএমইএ-বিকেএমইএ

সাভার, আশুলিয়া ও গাজীপুরের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে মালিকপক্ষ

দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা, নিরাপত্তা ও উৎপাদন পরিবেশ বজায় রাখতে মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সংগঠন দুটি বলেছে, দেশের অধিকাংশ শ্রমিক ও মালিক শান্তিপূর্ণ পরিবেশে শিল্পকারখানার কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী। তবে সাম্প্রতিক সময়ে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কিছু শিল্পাঞ্চলে নিম্নতম মজুরিকে কেন্দ্র করে সৃষ্ট শ্রম অসন্তোষ ও বিচ্ছিন্ন বিশৃঙ্খলার ঘটনা স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা প্রয়োজন।

শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।

উসকানি ও বিশৃঙ্খলার অভিযোগ

সংবাদ সম্মেলনে বলা হয়, কারখানার অভ্যন্তরে কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে কারখানা থেকে বের হয়ে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড শিল্পাঞ্চলের সামগ্রিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম ব্যাহত করছে।

সার্বিক নিরাপত্তা ও উৎপাদন অনুকূল পরিবেশ নিশ্চিত করতে না পারায় বিজিএমইএ ও বিকেএমইএর কিছু সদস্য কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে না পেরে সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলেও জানানো হয়।

কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কোনো একটি স্থান থেকে শ্রমিকদের নামিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে বাইরের লোকজনও যুক্ত হচ্ছেন। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা বিজিএমইএর পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। এ ধরনের অরাজকতা সৃষ্টিকারীরা তাদের নজরদারিতে এসেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

১৬ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবে মালিকপক্ষ

সাভার, আশুলিয়া ও গাজীপুরের নির্দিষ্ট কিছু এলাকায় কেন বেশি শ্রম অসন্তোষ ও সহিংসতার ঘটনা ঘটছে, জানতে চাইলে মাহমুদ হাসান খান বলেন, মালিকপক্ষ আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবে। আগামী এক-দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তাঁরা আশা করছেন। তবে এরপরও পরিস্থিতির উন্নতি না হলে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, পোশাকশিল্পের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি একদিকে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে, অন্যদিকে জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে এ পরিস্থিতিতে নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিজিএমইএ সভাপতি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে। তবে শ্রম অসন্তোষ শুরু হয় এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহে। বোর্ড গঠনের আগে শ্রমিকদের দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু বোর্ড গঠনের পরও এ ধরনের বিশৃঙ্খলা অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, মজুরি বোর্ডের প্রথম সভায় নতুন মজুরি কার্যকরের সময় ঘোষণা করা হয়েছে। এরপরও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণার পরিবেশ তৈরি করতে পারে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের দাবি

সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা শিল্পকারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন।

একই সঙ্গে পোশাকশিল্পের উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ও ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন তাঁরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন