শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে বিজিএমইএ সভাপতির ঘোষণা; অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে
পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শিল্পাঞ্চলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এতে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং রফতানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।
মাহমুদ হাসান খান বলেন, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এ কারণে শ্রমিকেরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। কোথাও কোথাও কারখানায় ভাঙচুরের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বর্তমানে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে।
১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের সিদ্ধান্ত
বিজিএমইএ সভাপতি বলেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক না হলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানা বন্ধ রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন শিল্পমালিকরা।

